ভারত-চীনের ওপর ১০০% শুল্কের পথে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ১১:০৮ এএম
ভারত-চীনের ওপর ১০০% শুল্কের পথে যুক্তরাষ্ট্র

সূত্রঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক



রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার অভিযোগে ভারত, চীনসহ অন্তত পাঁচ দেশের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ আরও এক ধাপ এগিয়ে নিল যুক্তরাষ্ট্র। এ বিষয়ে একটি বিল শুক্রবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিপুল ভোটে পাস হয়েছে।


‘রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের বিলটি তৈরি করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সিনেটর লিন্ডসে ও. গ্রাহাম। গত ১১ জুলাই তিনি মারা যান।


বিলে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ চলাকালে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে ব্যাপক পরিমাণে তেল ও জ্বালানি পণ্য আমদানি করে যেসব দেশ মস্কোকে যুদ্ধ পরিচালনার অর্থ জোগান দিচ্ছে, তাদের ওপর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ১০০ শতাংশ পর্যন্ত রপ্তানি শুল্ক আরোপের ক্ষমতা যুক্তরাষ্ট্রকে দেওয়া হবে।


শুক্রবার বিলটি সিনেটে ভোটের জন্য উত্থাপন করা হলে ১০০ সদস্যের মধ্যে ৮৬ জন এর পক্ষে এবং ১১ জন বিপক্ষে ভোট দেন। বাকি তিন সিনেটর ভোটদানে বিরত ছিলেন।


সিনেটে অনুমোদনের পর বিলটি এখন প্রতিনিধি পরিষদে পাঠানো হবে। আগামী ৩১ আগস্ট থেকে প্রতিনিধি পরিষদের অধিবেশন শুরু হওয়ার কথা। সেখানে বিলটি সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হলে তা প্রেসিডেন্টের কাছে পাঠানো হবে। প্রেসিডেন্ট স্বাক্ষর করলে এটি আইনে পরিণত হবে।


আইনে পরিণত হলে ভারত ও চীনের পাশাপাশি আজারবাইজান, হাঙ্গেরি ও স্লোভাকিয়াও শুল্কের ঝুঁকিতে পড়তে পারে। দেশ তিনটি জ্বালানি তেল ও গ্যাসের জন্য রাশিয়ার ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল এবং ইউক্রেন যুদ্ধের সময়ও সেই নির্ভরতা অব্যাহত রেখেছে।


বিলে রাশিয়ার বড় জ্বালানি ক্রেতাদের ওপর শুল্ক আরোপের পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, দেশটির ধনকুবের ও বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে ইরানের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বহাল রাখার কথাও বলা হয়েছে।



এমকে/বিএম২৪