বঙ্গভবন ছাড়লেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ০৪:০৭ পিএম
বঙ্গভবন ছাড়লেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক



বঙ্গভবনে শেষ দিনের আনুষ্ঠানিকতা শেষে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।


বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতির কার্যালয়ে শেষ দিনের কার্যক্রম শেষে সশস্ত্র বাহিনীর চৌকস দলের গার্ড অব অনার গ্রহণ করে বঙ্গভবন ত্যাগ করেন তিনি।


বিদায় অনুষ্ঠানে গার্ড অব অনার পরিদর্শন ও সালাম গ্রহণের পর বঙ্গভবনে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন হাফিজ উদ্দিন আহমদ। এ সময় তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিবসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিদায়বেলায় তিনি দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সার্বিক সাফল্য কামনা করেন। পরে আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে যান তিনি।


এর আগে গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। প্রায় এক মাস তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন।


এদিকে, দীর্ঘ ৩৫ বছর পর বৃহস্পতিবার দুপুর ২টায় নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।



এমকে/বিএম২৪