প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে ৩ মন্ত্রী

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০৩:৩২ এএম
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে ৩ মন্ত্রী

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হয়েছে।


মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত মন্ত্রীরা জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনা করবেন। কোনো মন্ত্রী অনুপস্থিত থাকলে বিকল্প হিসেবে কারা দায়িত্ব পালন করবেন, তাও প্রজ্ঞাপনে নির্ধারণ করা হয়েছে।


প্রজ্ঞাপন অনুযায়ী, সংসদীয় কার্যক্রমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অনুপস্থিত থাকলে এ দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর (এজেডএম) মো. জাহিদ হোসেন এবং শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।


এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন ড. আব্দুল মঈন খান। তাঁর অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম।


খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন আফরোজা খানম। তিনি অনুপস্থিত থাকলে দায়িত্ব পালন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।


তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন আন্দালিব রহমান পার্থ। তাঁর অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন এম রশিদুজ্জামান মিল্লাত। তাঁর অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।


পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন সাচিং প্রু। তাঁর অনুপস্থিতিতে সংসদীয় কার্যক্রমের দায়িত্ব পালন করবেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, এর আগে জারি করা এ-সংক্রান্ত প্রজ্ঞাপনের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। নতুন এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


এর আগে গত ২১ আগস্ট মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে ছয়জন শপথ নেন। পরে তাদের মধ্যে দপ্তর বণ্টন এবং একজন পুরনো মন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়। নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রীদের মধ্যে ড. আব্দুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়; এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন; সাচিং প্রু পার্বত্য চট্টগ্রাম বিষয়ক; আন্দালিব রহমান পার্থ তথ্য ও সম্প্রচার এবং আফরোজা খানম খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান।


এ ছাড়া প্রতিমন্ত্রী হুমায়ুন কবির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শামীম কায়সার লিংকন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান। দপ্তর বণ্টন ও পুনর্বণ্টনের পর জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পুনর্নির্ধারণ করা হলো।