পাকিস্তানের সংসদ ভবনে দাদার প্রতিকৃতির সামনে হুম্মাম কাদের চৌধুরী, দিলেন আবেগঘন বার্তা
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও নিজের দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী।
প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসেবে ইসলামাবাদের ঐতিহাসিক পার্লামেন্ট হাউসে ফিরে আসাকে পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক পথচলার এক গভীর ও গর্বের স্মারক হিসেবে উল্লেখ করেছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে দাদার প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করে এসব অনুভূতির কথা জানান হুম্মাম কাদের চৌধুরী।
পোস্টে তিনি লেখেন, ‘যখন ইতিহাস হয়ে ওঠে একান্ত ব্যক্তিগত। ইসলামাবাদের সংসদ ভবনে পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার, আমার দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির নিচে দাঁড়ানোর মুহূর্তটি আমার জন্য ছিল অত্যন্ত আবেগঘন ও গর্বের।’
তিনি আরও লেখেন, ‘কয়েক প্রজন্ম পর বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসেবে এই ঐতিহাসিক সংসদ ভবনে আসা আমাকে স্মরণ করিয়ে দেয় আমার পরিবারের তিন প্রজন্মের দীর্ঘ রাজনৈতিক পথচলার কথা। ইতিহাস শুধু আমাদের অতীতের সঙ্গে সংযুক্ত করে না, ভবিষ্যতের প্রতি আমাদের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেয়।’
হুম্মাম কাদের চৌধুরী বলেন, ছবিটি তাঁর কাছে কেবল একটি মুহূর্তের স্মৃতি নয়। এটি প্রজন্ম থেকে প্রজন্মের গভীর আত্মিক সংযোগ, পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকার এবং জনসেবার সঙ্গে জড়িয়ে থাকা দায়িত্ববোধের স্মারক।
পোস্টের শেষে তিনি স্থান হিসেবে উল্লেখ করেন—পার্লামেন্ট হাউস, ইসলামাবাদ, পাকিস্তান।








