শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪১ পিএম
শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টি ঢাকার করা প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা বলে জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধ প্রচলিত প্রক্রিয়ায় পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।


বুধবার (২৫ নভেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।


রণধীর জয়সওয়াল বলেন, ‘ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে ইচ্ছুক কোনো নাগরিকের বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।


শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে ভারতের মুখপাত্র এ মন্তব্য করেন। ভারতে দুই বছরের বেশি সময় ধরে অবস্থানের পর বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন শেখ হাসিনা। তবে বাংলাদেশ সরকার বলেছে, তাঁকে প্রত্যর্পণের মাধ্যমেই দেশে ফিরিয়ে আনা সম্ভব।


মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন।


তিনি বলেন, প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্র চেয়ে শেখ হাসিনা তাঁর আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করেছেন। পাশাপাশি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দিল্লি থেকে দেশে ফেরার ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের প্রতিও অনুরোধ জানিয়েছেন তিনি।


২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটে। ওই দিন বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।


ঢাকা বলছে, দেশে ফিরলে গ্রেপ্তার করা হবে


শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সরকার জানিয়েছে, দেশে প্রবেশের পর তাঁকে গ্রেপ্তার করা হবে এবং অন্যান্য দণ্ডিত পলাতক আসামির মতো আইনের আওতায় তাঁর বিচার করা হবে।


২০২৪ সালে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে শেখ হাসিনা এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এবং বাংলাদেশে ফিরে আদালতের মুখোমুখি হতে আগ্রহ প্রকাশ করেছেন।


ঢাকা দ্বিপক্ষীয় চুক্তির আওতায় ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে আসছে। এ বিষয়টি দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।


সূত্র: রয়টার্স, নিউজ১৮।