নির্ভুল তথ্য ছাড়া নীতিনির্ধারণ সম্ভব নয়: অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম
নির্ভুল তথ্য ছাড়া নীতিনির্ধারণ সম্ভব নয়: অর্থমন্ত্রী

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


নির্ভরযোগ্য পরিসংখ্যান ছাড়া কার্যকর নীতিনির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা ও সরকারি কর্মসূচি বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সরকারি তথ্য হতে হবে স্বচ্ছ, নির্ভরযোগ্য ও পরিমাপযোগ্য। তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।


রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে ‘জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


অর্থমন্ত্রী বলেন, সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে তথ্য বা ডেটা। নির্ভরযোগ্য পরিসংখ্যান ছাড়া কার্যকর নীতিনির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা এবং সরকারি কর্মসূচি বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব নয়।


তিনি বলেন, পরিসংখ্যানের তথ্য হতে হবে স্বচ্ছ, নির্ভরযোগ্য ও পরিমাপযোগ্য, যাতে জনগণ, গবেষক এবং নীতিনির্ধারকেরা সেসব তথ্যের ওপর আস্থা রাখতে পারেন। সরকারি তথ্যে কারসাজি করা হলে তা সরকারের নিজের সঙ্গেই প্রতারণার শামিল।


বর্তমান সরকারের প্রশাসনিক সংস্কার প্রসঙ্গে আমির খসরু বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনিক ব্যবস্থায় পরিবর্তনের যে উদ্যোগ নিয়েছে, তা বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা এবং সরকারের কর্মসূচির সঙ্গে কাজের সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


একটি নির্বাচিত সরকারের নীতি ও কর্মপরিকল্পনার সঙ্গে সরকারি কর্মকর্তাদের কাজের সমন্বয়কে অত্যন্ত স্বাভাবিক বিষয় বলেও মন্তব্য করেন তিনি।