বাংলাদেশ নৌবাহিনী অফিসার ক্যাডেট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
বাংলাদেশ নৌবাহিনীতে ২০২৭ সালের অফিসার ক্যাডেট ব্যাচে ভর্তির জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ০১ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হয়েছে এবং চলবে ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত।
বাংলাদেশ নৌবাহিনীর অফিসার ক্যাডেট পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হলো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ ৫.০০ এবং অপরটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই থাকতে হবে। ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য 'ও' লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে A গ্রেড এবং তিনটিতে B গ্রেড থাকতে হবে। 'এ' লেভেলে ন্যূনতম একটিতে A গ্রেড ও দুটি বিষয়ে B গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ১ জানুয়ারি ২০২৭ তারিখে সাড়ে ১৬ বছর থেকে ২১ বছর এবং সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছর। বৈবাহিক অবস্থায় অবিবাহিত হতে হবে। আবেদন ফি এক হাজার টাকা, যা অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা যাবে।
অযোগ্যতার মধ্যে রয়েছে সেনা, নৌ ও বিমানবাহিনী অথবা যেকোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত হওয়া এবং আইএসএসবি কর্তৃক দুবার স্ক্রিন্ড আউট বা প্রত্যাখ্যাত হওয়া। আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এবং আবেদন করতে বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন।









