ইয়াবা-এসকাফ ও নগদসহ ৪ জন মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০৬:৪৩ পিএম
ইয়াবা-এসকাফ ও নগদসহ ৪ জন মাদক কারবারি গ্রেপ্তার

সূত্রঃ সংগৃহীত

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো প্রতিনিধি


রাজশাহী মহানগরীতে ইয়াবা ট্যাবলেট ও এসকাফ সিরাপসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা ও এসকাফ সিরাপের পাশাপাশি মাদক বিক্রির নগদ টাকা, মোবাইল ফোন ও একটি দেশীয় অস্ত্র (কুড়াল) জব্দ করা হয়েছে। রোববার দিবাগত রাত থেকে সোমবার ভোররাত পর্যন্ত চলা মাদকবিরোধী অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার চারজন হলেন—বখতিয়ারাবাদ-মালদা কলোনি গ্রামের মো. সুইটেম (৪৮), কয়েরদারা গ্রামের মো. সজিব আলী (৩৯), মতিহার থানার ডাঁশমারী এলাকার মো. জাকারুল ইসলাম (৪৩) এবং কয়েরদারা গ্রামের ওমর ফারুক (২৪)।


সোমবার (৩১ আগস্ট) বিকেলে আরএমপি পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


পুলিশ জানায়, গত ৩০ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে ডিবি পুলিশ পবা থানার বাগসারা এলাকায় অভিযান চালিয়ে সুইটেম ও সজিব আলীকে গ্রেপ্তার করে। এ সময় সুইটেমের হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব দীর্ঘদিন ধরে সুইটেমের সহযোগী হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল বলে জানা গেছে।


অন্যদিকে, ৩১ আগস্ট ভোর ৫টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম মতিহার থানার ডাঁশমারী এলাকায় অভিযান চালিয়ে জাকারুল ইসলামকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৬৬ বোতল এসকাফ সিরাপ এবং মাদক বিক্রির ১ লাখ ৫০ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।


একই দিন রাত সাড়ে ১২টার দিকে বিশেষ মাদকবিরোধী টিম, বোয়ালিয়া থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর যৌথ অভিযানে বকতিয়ারাবাদ (মালদা কলোনি) এলাকায় ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ হাজার ২৪ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ১০ হাজার ৬৯০ টাকা, একটি মোবাইল ফোন এবং একটি দেশীয় অস্ত্র (কুড়াল) জব্দ করা হয়।


পুলিশের তথ্যমতে, চার অভিযানে মোট ১ হাজার ৯৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬৬ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মাদক বিক্রির ১ লাখ ৬১ হাজার ৩৯০ টাকা, একটি মোবাইল ফোন ও একটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।


আরএমপি জানায়, গ্রেপ্তার সুইটেমের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি এবং সজিব আলীর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রয়েছে।


গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



এমকে/বিএম২৪