বাংলাদেশ মেইল ফ্যামিলি ডে-২০২৬ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ মেইল-এর উদ্যোগে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “বাংলাদেশ মেইল ফ্যামিলি ডে-২০২৬”। কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার-পরিজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজন পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।
শনিবার (২৮ মার্চ) বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আয়োজিত এ অনুষ্ঠানে সকাল থেকেই অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরো এলাকা প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।
স্টাফ রিপোর্টার মো. জাহেরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেইলের প্রধান সম্পাদক ও প্রকাশক এ বি জিয়াউদ্দিন হোসেন। প্রধান আলোচক ছিলেন সম্পাদক এম এ রাশেদ তালুকদার এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রতিনিধি নুরুল আমীন হেলালী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভিডিও এডিটর তাজুল হাসান, সাব-এডিটর মহুয়া তাবাসসুম, স্পোর্টস এডিটর মো. সবুজ, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি বিপ্লব তালুকদার, নোয়াখালী জেলা প্রতিনিধি মো. জুয়েল রানা, উখিয়া প্রতিনিধি শাহনাজ পারভীন, বিশেষ প্রতিনিধি হেলাল উদ্দিন নিরব, অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি এ আর সুমন, কুতুবদিয়া প্রতিনিধি এ বি এম নওশাদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, স্টাফ সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা। এছাড়া প্রতিষ্ঠানের উপদেষ্টা, সিনিয়র রিপোর্টার, বিভাগীয় প্রধান ও আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে এ বি জিয়াউদ্দিন হোসেন বলেন, “বাংলাদেশ মেইল শুধু একটি নিউজ পোর্টাল নয়, এটি একটি পরিবার। এই ফ্যামিলি ডে সেই পরিবারের বন্ধনকে আরও শক্তিশালী করে। ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করতে চাই।”
প্রধান আলোচকের বক্তব্যে সম্পাদক এম এ রাশেদ তালুকদার বলেন, “এই আয়োজন শুধু বিনোদনের নয়, এটি একটি পারিবারিক মিলনমেলা। সহকর্মীদের পরিবারকে কাছ থেকে জানার সুযোগ আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে।”
সভাপতির বক্তব্যে নুরুল আমীন হেলালি বলেন, “কর্মীদের মানসিক প্রশান্তি ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারকে সঙ্গে নিয়ে এমন আয়োজন কর্মস্পৃহা বাড়ায় এবং প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা আরও জোরদার করে।”
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে, যা বাংলাদেশ মেইল পরিবারের সদস্যদের মধ্যে বন্ধন, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে।









