পাকিস্তানের প্রেসিডেন্টের আমন্ত্রণ পেলেন মির্জা ফখরুল

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ০৬:০৬ পিএম
পাকিস্তানের প্রেসিডেন্টের আমন্ত্রণ পেলেন মির্জা ফখরুল

সূত্রঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। একই সঙ্গে তাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।


শুক্রবার (২১ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে আসিফ আলী জারদারি বলেন, মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।


পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান সম্পর্কের ভিত্তি অভিন্ন ইতিহাস, বিশ্বাস ও সংস্কৃতির ওপর প্রতিষ্ঠিত। দুই দেশের মধ্যে বর্তমানে যে ইতিবাচক দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে, তাকে স্বাগত জানিয়ে তিনি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা আরও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


আসিফ আলী জারদারি আরও বলেন, দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করা, পারস্পরিক যোগাযোগ ও বিনিময় বাড়ানো এবং জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করতে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করতে আগ্রহী।


বিবৃতিতে তিনি বলেন, পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশের রাষ্ট্রপতিকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তার বিশ্বাস, মির্জা ফখরুলের পাকিস্তান সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী ও সহযোগিতামূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সূত্র: দ্য নেশন



এমকে/বিএম২৪