নেপালে ধ্বংসস্তূপে ৩ দিন পর জীবিত ৬ বছরের শিশু উদ্ধার
সূত্রঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
নেপালের রসুয়া জেলায় ভয়াবহ বন্যার তিন দিন পর কাদা ও ধ্বংসস্তূপের নিচ থেকে ছয় বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। শুক্রবার সন্ধ্যায় তিমুরে এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম ও ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, কোশী নদীর পানি উপচে তিমুরে গ্রাম প্লাবিত হওয়ার পর একটি ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়। সেখানে তল্লাশি চালানোর সময় আর্মড পুলিশ ফোর্সের (এপিএফ) সদস্যরা মাটির নিচ থেকে শিশুটির ক্ষীণ কান্নার শব্দ শুনতে পান।
পরে দ্রুত মাটি ও ধ্বংসাবশেষ সরিয়ে শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করেন তারা। প্রথমে তিমুরেতে অবস্থিত এপিএফের সীমান্ত চৌকিতে শিশুটির চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার রাতে হেলিকপ্টারযোগে কাঠমান্ডু নেওয়া সম্ভব হয়নি। শনিবার দুপুরে আবহাওয়া অনুকূলে এলে তাকে হেলিকপ্টারে করে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি সেখানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
শিশুটিকে উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সাড়া পড়ে। উদ্ধারকারীদের দীর্ঘ প্রচেষ্টার প্রশংসা করেছেন অনেকে। পাশাপাশি শিশুটির পরিবারের সন্ধানেও সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বান জানানো হয়েছে।
এদিকে ভয়াবহ বন্যায় নেপালের ক্ষতিগ্রস্ত এলাকায় ঘরবাড়ি ও অবকাঠামো পুনর্নির্মাণে শত কোটি ডলারের বেশি ব্যয় হতে পারে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। তিনি বলেন, ক্ষয়ক্ষতির মূল্যায়নের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে সহায়তা চাওয়া হচ্ছে।
নেপালে আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ৭৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ২ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
সূত্র: এনডিটিভি
এমকে/বিএম২৪









