পতিত ফ্যাসিস্টকে রাজনীতির সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
দেশের জনগণ পতিত ফ্যাসিস্টকে রাজনীতি করার সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঝিনাইদহ সাংবাদিক ফোরামের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, যারা বোমাবাজি, সন্ত্রাস ও ভীতি প্রদর্শনের মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। দেশের মানুষ কোনোভাবেই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে এ দেশের মাটিতে রাজনীতি কিংবা সন্ত্রাস করার সুযোগ দেবে না। ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে।
বর্তমান সরকার গত ৯ মাসে কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যা বা গুমের পথে হাঁটেনি উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা করার সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে। সঠিক আইনি প্রক্রিয়া অনুসরণ করেই দেশ পরিচালিত হচ্ছে।
এ সময় সাংবাদিকতার পেশাগত মর্যাদা রক্ষা এবং জনগণের সঠিক তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে অপসাংবাদিকতার বিরুদ্ধে আরও সোচ্চার হওয়ার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
এমকে/বিএম২৪









