১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম
১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি

সংগৃহীত

ডেস্ক রিপোর্ট


প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি নভেম্বর মাসের প্রথম ১১ দিনেই দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ের তুলনায় এ বছর রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩ দশমিক ৯ শতাংশ।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বর মাসের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১২৩ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে উল্লেখযোগ্য হারে।


কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, শুধু ১১ নভেম্বর দেশে ১১ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।


এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ২৯৮ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ১৩৮ কোটি ডলার। সে হিসাবে এ সময়ে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ২ শতাংশ।


অন্যদিকে, অর্থবছরের প্রথম চার মাস ১০ দিনে (১ জুলাই থেকে ১০ নভেম্বর) দেশে মোট ১ হাজার ২৮৭ কোটি ৪০ লাখ ডলারের রেমিট্যান্স আসে। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ১২৫ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে এ সময়ে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৪ শতাংশ।


এমকে/বিএম২৪