শেওড়াপাড়া থেকে নিখোঁজ শিশু শরীয়তপুরে উদ্ধার, নারী গ্রেপ্তার

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম
শেওড়াপাড়া থেকে নিখোঁজ শিশু শরীয়তপুরে উদ্ধার, নারী গ্রেপ্তার

সূত্রঃ সংগৃহীত

রবিউল মোল্লা;শরীয়তপুর জেলা প্রতিনিধি


রাজধানীর পূর্ব শেওড়াপাড়া থেকে নিখোঁজের দুই দিন পর সাত বছর বয়সী শিশু নুসরাত জাহানকে শরীয়তপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় যুথী আক্তার (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।


শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বাসার কাছেই খেলছিল নুসরাত। এরপর আর বাড়ি ফেরেনি সে। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।


জিডির পর পুলিশ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে। ফুটেজে দেখা যায়, পূর্ব শেওড়াপাড়ার হেলথ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের পাশের একটি গলি থেকে কালো সালোয়ার-কামিজ পরা এক তরুণী শিশুটির হাত ধরে নিয়ে যাচ্ছেন। পরে ওই নারী শিশুটিকে নিয়ে একটি রিকশায় ওঠেন।


সিসিটিভির একাধিক ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ শিশুটি ও ওই নারীর গতিপথ অনুসরণ করতে থাকে। একপর্যায়ে পুলিশ জানতে পারে, সন্দেহভাজন ওই নারী শরীয়তপুর এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয় এবং যুথী আক্তারকে গ্রেপ্তার করা হয়।


শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে কাফরুল থানায় মামলা করা হয়েছে।


কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওই নারীকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়। শিশুটিকে ওই নারীর হাত ধরে স্বাভাবিকভাবে যেতে দেখা গেছে। পুলিশের ধারণা, শিশুটি ওই নারীকে আগে থেকেই চিনতে পারে।



এমকে/বিএম২৪