পাবনায় জাকের পার্টির খোলা চিঠি বিতরণ

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ০৭:২২ পিএম
পাবনায় জাকের পার্টির খোলা চিঠি বিতরণ

আব্দুল কাইউম:

ওলী–আওলিয়াগণের মাধ্যমে বাংলার মাটিতে ইসলাম এসেছে—যে ইসলামের মূল শিক্ষা শান্তি, ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার বন্ধন। এই অন্তর্ভুক্তিমূলক ইসলামের দর্শনেই বিশ্বাসী জাকের পার্টি।

ঈদে মিলাদুন্নবী (১২ই রবিউল আওয়াল) ও দলটির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীর উদ্দেশে খোলা চিঠির মাধ্যমে জাকের পার্টির লক্ষ্য, দর্শন ও জনগণের প্রতি প্রতিশ্রুতি তুলে ধরার কর্মসূচির অংশ হিসেবে পাবনায় গণসংযোগ ও খোলা চিঠি বিতরণ করা হয় বৃহস্পতিবার (২৩ অক্টোবর)।

এ সময় জাকের পার্টি পাবনা জেলা সড়ক পরিবহন শাখার সভাপতি ও পাবনা–৫ আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ লিটন শেখের নেতৃত্বে শহরের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের মাঝে খোলা চিঠি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকের পার্টি পাবনা জেলার যুগ্ম সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মোহাম্মদ হাদী, যুগ্ম প্রচার সম্পাদক মোঃ বাবলু আক্তার, কার্যনির্বাহী সদস্য মোঃ সোয়ানুর রহমান সোহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় টার্মিনাল এলাকায় আয়োজিত এক পথসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোঃ লিটন শেখ বলেন,

“জাকের পার্টি এমন এক ইসলামী দর্শনে বিশ্বাস করে যেখানে মানুষই মানুষের শক্তি। ইসলাম আমাদের শিখিয়েছেন ভালোবাসা, সহানুভূতি ও ন্যায়ের পথ। আমরা চাই জাতি–ধর্ম–বর্ণ নির্বিশেষে সবাই শান্তি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হোক। আমাদের এই খোলা চিঠি সেই মানবতার বার্তাই পৌঁছে দিচ্ছে।”

তিনি আরও বলেন,

“জনগণের কল্যাণে কাজ করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। আমরা চাই পাবনাকে শান্তি, উন্নয়ন ও মানবিক মূল্যবোধের আদর্শ জেলায় রূপ দিতে।”

জাকের পার্টির এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল জনগণের মাঝে শান্তি, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ইসলামের অন্তর্ভুক্তিমূলক বার্তা পৌঁছে দেওয়া।