সুজানগরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপির ব্রিফিং প্যারেড

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১০:২১ পিএম
সুজানগরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপির ব্রিফিং প্যারেড

ছবি: সংগৃহীত

মো. আরিফুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি


শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে পাবনার সুজানগরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সুজানগর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। দুর্গাপূজা চলাকালে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দিরের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন আনসার ও ভিডিপির সদস্যরা।


সুজানগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কনক কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুজানগর-বেড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।


ব্রিফিং প্যারেডে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।


প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দায়িত্ব পালনে অবহেলার কোনো সুযোগ নেই। প্রত্যেক সদস্যকে সতর্কতা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।


সভাপতির বক্তব্যে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কনক কুমার দত্ত বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের অন্যতম উৎসব। ধর্ম-বর্ণনির্বিশেষে সবার সহযোগিতায় এ উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যরা প্রস্তুত রয়েছেন।


তিনি আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে সদস্যদের সতর্ক থাকতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের মাধ্যমে উৎসবের পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। কোনো ধরনের গুজব, উসকানি বা বিশৃঙ্খলা যাতে উৎসবের আনন্দকে ম্লান করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।


ব্রিফিং প্যারেডে দায়িত্ব পালনের সময় শৃঙ্খলা বজায় রাখা, সতর্ক অবস্থানে থাকা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।


এ সময় সুজানগর উপজেলা আনসার ও ভিডিপির ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, পৌর ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার, সহকারী আনসার প্লাটুন কমান্ডারসহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।