ঢাকা কলেজে বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা, নিরাপদ ক্যাম্পাস গড়ার উদ্যোগ
মোঃ জাহেরুল ইসলাম: ঢাকা কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জলাতঙ্কের ঝুঁকি কমানোর লক্ষ্যে বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান করা হয়েছে। ঢাকা কলেজ জ্যুলজিক্যাল অ্যাসোসিয়েশন (DCZA) ও ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সম্প্রতি ঢাকা কলেজের মূল ভবন ও হলপাড়াসহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের উপস্থিতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। কুকুরের কারণে অতীতে একাধিক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনাও ঘটেছে। এ পরিস্থিতিতে ক্যাম্পাসে অবস্থানরত সবার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রাণীদের প্রতি মানবিক আচরণ ও জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, “দীর্ঘদিন ধরে ঢাকা কলেজের মূল ভবনসহ হলপাড়ায় কুকুর নিয়ে আতঙ্ক বিরাজ করছিল। এর আগে কুকুরের কারণে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থীসহ ক্যাম্পাসে অবস্থানরত সবার নিরাপত্তা নিশ্চিত করতে জুওলজিক্যাল অ্যাসোসিয়েশন অব ঢাকা কলেজ যে উদ্যোগ নিয়েছে, সে জন্য তাদের ধন্যবাদ জানাই।”
তিনি আরও বলেন, “ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ নেওয়া হলে ঢাকা কলেজ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”
কর্মসূচি সম্পর্কে ঢাকা কলেজ জ্যুলজিক্যাল অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. কোরাইশ মিয়া বলেন, ক্যাম্পাসের পরিবেশ ও নিরাপত্তা বজায় রাখা সবার সম্মিলিত দায়িত্ব। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি বেওয়ারিশ কুকুরগুলোর সুরক্ষা নিশ্চিত করাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
তিনি বলেন, প্রাণীদের প্রতি সহমর্মিতা এবং জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা কলেজ জ্যুলজিক্যাল অ্যাসোসিয়েশন ও ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশন যৌথভাবে এ কর্মসূচি হাতে নিয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকদের দিকনির্দেশনা এবং স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমের জন্য তাঁদের ধন্যবাদ জানান।
সংশ্লিষ্টরা মনে করছেন, ক্যাম্পাসে জলাতঙ্ক প্রতিরোধে টিকাদান কর্মসূচির পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, প্রাণীদের প্রতি দায়িত্বশীল আচরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, জলাতঙ্ক একটি প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ। আক্রান্ত প্রাণীর কামড় বা আঁচড়ের মাধ্যমে এ রোগ ছড়াতে পারে। তাই কুকুর বা অন্য কোনো সন্দেহভাজন প্রাণী কামড়ালে কিংবা আঁচড় দিলে ক্ষতস্থান দ্রুত সাবান ও প্রবাহমান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ধুয়ে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ঢাকা কলেজ ক্যাম্পাসকে আরও নিরাপদ, পরিচ্ছন্ন ও প্রাণীবান্ধব পরিবেশে পরিণত করতে এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা এবং কলেজ প্রশাসন, শিক্ষার্থী ও প্রাণীকল্যাণে কাজ করা সংগঠনগুলোর পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








