নেত্রকোণায় প্রকাশ্যে গুলি করে সাংবাদিককে হত্যা

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১১:১২ পিএম
নেত্রকোণায় প্রকাশ্যে গুলি করে সাংবাদিককে হত্যা

ছবি: সংগৃহীত

নেত্রকোণা প্রতিনিধি


নেত্রকোণার কলমাকান্দায় দুর্বৃত্তদের গুলিতে লুৎফুজ্জামান আলিফ ফকির নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে এ ঘটনা ঘটে।


নিহত লুৎফুজ্জামান আলিফ কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামের বাসিন্দা। তিনি একটি বেসরকারি ইন্টারনেট প্রটোকল টেলিভিশনে (আইপিটিভি) কর্মরত ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে তেলনজিয়া বাজারের একটি দোকানে চা পান করে বের হচ্ছিলেন আলিফ। এ সময় দুই যুবক এসে তাঁকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়েন। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দৌড়ে কিছুটা দূরে রাখা একটি মোটরসাইকেলে উঠে পালিয়ে যান।


পরে স্থানীয় লোকজন আহত আলিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান জানান, নিহত সাংবাদিকের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন পাওয়া গেছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


হত্যাকাণ্ডের কারণ এবং হামলাকারীদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।