গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, আহত ২ পুলিশ সদস্য
ছবি: সংগৃহীত
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলা চালিয়েছে তাদের সহযোগীরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। হামলায় টিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিক নামে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্র নিয়ে একদল যুবক জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। এ সময় তারা ফাঁড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আটক দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেশীয় অস্ত্র হাতে ৪০ থেকে ৫০ জনের একটি দলকে পুলিশ ফাঁড়ি ঘেরাও করে হামলা চালাতে দেখা গেছে। ভিডিওতে ফাঁড়ি ভাঙচুরের পাশাপাশি আশপাশের বিভিন্ন স্থাপনায় হামলার দৃশ্যও দেখা যায়।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর রেলওয়ে জংশনের দক্ষিণ পাশে মাদক বিক্রির খবর পায় পুলিশ। পরে স্টেশনে দায়িত্ব পালনরত পুলিশ ও নিরাপত্তাকর্মীরা সেখানে অভিযান চালিয়ে মাদকসহ এক নারী ও এক পুরুষকে আটক করেন। এরপর তাঁদের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিতে তাঁদের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা চালান। এতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন।
ওসি জয়নাল আবেদীন বলেন, এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও মাদকদ্রব্য-সংক্রান্ত আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।








