নার্সিং পেশাকে ডাক্তারদের সমমর্যাদা দিতে হবে: ফরহাদ মজহার
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে জনগণের স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করাটা অত্যন্ত জরুরি হলেও নার্সিং পেশাকে অমর্যাদাসম্পন্ন অবস্থানে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, “নার্সিং একটি মহৎ পেশা। স্বাস্থ্যব্যবস্থায় এটি ডাক্তারদের সমমর্যাদা সম্পন্ন। নার্সিং ডাক্তারদের অধীন কোনো পেশা নয়। কারণ নার্সিং সেবা না থাকলে চিকিৎসাও সম্ভব নয়।”
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনের মূল দাবি ছিল– উন্নত ও গণমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিং সংস্কার বাস্তবায়ন।
ফরহাদ মজহার বলেন, দেশের মানুষ স্বাস্থ্যকে কেবল ডাক্তার, প্রেসক্রিপশন আর ওষুধের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছেন, যা সম্পূর্ণ ভুল। তিনি বলেন, “আমরা এটাকে ডাক্তারিকরণ বা মেডিকেলাইজেশন বলি। অসুখ হলেই ডাক্তার, প্রেসক্রিপশন ও ওষুধের দিকে ছুটে যাওয়া—এটা স্বাস্থ্যব্যবস্থা নয়। এর ফলে ওষুধ কোম্পানিগুলোর ব্যবসা বাড়ছে, অথচ জনগণ প্রকৃত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।”
তিনি আরও বলেন, প্রকৃত স্বাস্থ্য মানে হলো রোগ প্রতিরোধ, সঠিক খাদ্যনীতি, কৃষিনীতি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। তিনি যুক্তি দেন, নারীদের জীবনে নানা প্রাকৃতিক পরিবর্তন ঘটে, যেখানে প্রতিটি ক্ষেত্রেই ডাক্তার প্রয়োজন হয় না; বরং নার্সরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অথচ নার্সদের এখনও ডাক্তারদের অধীনস্থ রাখা হচ্ছে।
ফরহাদ মজহার দাবি করেন, নার্সদের যথাযথ মর্যাদা ও সম্মান না দিলে দেশের স্বাস্থ্যব্যবস্থা আরও খারাপ হবে। তিনি বলেন, “আগের সব সরকার সবার জন্য কার্যকর স্বাস্থ্যব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বাস্তবায়ন হয়নি। অথচ এসব প্রতিশ্রুতির কথা বলে তারা বিদেশ থেকে কোটি কোটি টাকা ঋণ এনেছে। সেই টাকা কোথায় গেল? এজন্য ড. মুহাম্মদ ইউনূস সরকারকে তদন্ত করতে হবে।”
সংবাদ সম্মেলনে বিএনএ সভাপতি ড. মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি হাসপাতালের নার্সরা উপস্থিত ছিলেন।









