ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১১:২১ পিএম
ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

স্টাফ রিপোর্টার:

নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। দীর্ঘদিন ধরে ‘শাপলা’ প্রতীক দাবি করে আসছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অবশেষে ইসির নতুন প্রজ্ঞাপনে প্রতীক তালিকায় যুক্ত হলো তাদের কাঙ্ক্ষিত প্রতীকটি—যদিও নাম রাখা হয়েছে ‘শাপলা কলি’।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯৭২ সালের সংবিধানের অনুচ্ছেদ ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর সংশোধন করেছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়,

> “উপরিউক্ত বিধিমালার বিধি ৯-এর উপ-বিধি (১)-এর পরিবর্তে নিম্নরূপ উপবিধি (১) প্রতিস্থাপিত হবে। এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ ২০-এর দফার অধীন স্থগিতকৃত প্রতীক ব্যতীত নিম্নবর্ণিত প্রতীকগুলো হইতে প্রাপ্যতা সাপেক্ষে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে।”

এছাড়া সংশোধিত প্রতীক তালিকায় ‘শাপলা কলি’কে নতুনভাবে সংযোজনের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

এর আগে ইসির তালিকায় ‘শাপলা’ প্রতীক না থাকায় এনসিপিকে তা বরাদ্দ দেওয়ার সুযোগ নেই বলে জানানো হয়েছিল। তবে দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে ‘শাপলা কলি’ যুক্ত করে প্রজ্ঞাপন জারি করলো নির্বাচন কমিশন।

এনসিপি সূত্রে জানা গেছে, দলটি শুরু থেকেই ‘শাপলা’ প্রতীক দাবি করে আসছিল, যা তাদের রাজনৈতিক আদর্শ ও সাংগঠনিক পরিচয়ের প্রতীক হিসেবে ব্যবহারের পরিকল্পনা ছিল। দলটির নেতারা নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন।