কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের বাসে আগুন
সংগৃহীত
শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-জয়দেবপুর মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসটি পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকার ত্রিমোড় সংলগ্ন কাজলী ফার্মের পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। এ সময় আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাসটি পুড়ে ছাই হয়ে গেছে। কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি।
এমকে/বিএম২৪








