অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৯ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


অনেক হাসপাতালের খাবারের মান নিজের বাড়ির খাবারের চেয়েও ভালো বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো, আমি নিজেও খাই।


সোমবার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাত নিয়ে আমরা অনেক সময় নানা কথা বলি। কিন্তু বাস্তবতা সব সময় সেই কথার সঙ্গে মেলে না। এ ক্ষেত্রে চিকিৎসকদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। তবে অতীতের যেকোনো সময়ের তুলনায় দেশের স্বাস্থ্য খাতের মান অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো, আমি নিজেও খাই।


অনুষ্ঠানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর দায় তার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দায় তো আমার। আমাকে ফাঁসি দেন। এটা আমার ব্যর্থতা। তবে চেষ্টা করেছি।’


হামের টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে তিনি বলেন, কিছু লোক প্রচার করছে যে হামের টিকা ভারত থেকে আনা হয়েছে, যা সঠিক নয়। মোট টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে। বাকি টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। এসব টিকা স্বল্পমূল্যে কেনা হয়েছে বলেও জানান তিনি।


শিশুদের টিকা গ্রহণের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে যারা হামে আক্রান্ত হচ্ছে, তাদের প্রায় কেউই টিকা নেয়নি। আক্রান্ত শিশুদের বড় একটি অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে ভর্তি হাম আক্রান্ত শিশুদের প্রায় কারও টিকা নেওয়া নেই বলে তাকে জানানো হয়েছে।


এমকে/বিএম২৪