ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত
সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উল্লেখ করাতে মাসে ৭৫ হাজার ডলার ব্যয় করত ভারত সরকার। এ জন্য ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিদের পরিচালিত একটি মার্কিন লবিং প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছিল।
শনিবার (৭ নভেম্বর) প্রকাশিত দ্য ওয়ারের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফ্যারা) অধীনে জমা দেওয়া নথি থেকে বিষয়টি জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, মারকারি পাবলিক অ্যাফেয়ার্স নামের লবিং প্রতিষ্ঠানটির সঙ্গে মাসিক ৭৫ হাজার ডলার রিটেইনার ফিতে চুক্তি করে ভারত। গত জুনে নরেন্দ্র মোদির দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রিত্বের প্রসঙ্গ সামনে রেখে ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট প্রকাশের উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি।
ট্রাম্পের পুনর্নির্বাচনের পর প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করা হয়। এর সঙ্গে যুক্ত ছিলেন ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগ পরিচালক ব্রায়ান লাঞ্জা। এ ছাড়া ২০২৪ সালের শেষভাগ পর্যন্ত ট্রাম্পের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসও প্রতিষ্ঠানটির নিবন্ধিত লবিস্ট হিসেবে যুক্ত ছিলেন।
ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টের আয়োজনও করেছিল প্রতিষ্ঠানটি। ওই পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছিলেন ট্রাম্প।
এদিকে ট্রাম্পের সহকারী জেসন মিলারের নেতৃত্বাধীন এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি নামের আরেকটি প্রতিষ্ঠান মে ও জুন মাসে ভারত সরকার এবং হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আটটি টেলিফোনে আলাপের ব্যবস্থা করে। ফ্যারার নথিতে এসব কার্যক্রমকে রাজনৈতিক কার্যক্রম হিসেবে উল্লেখ করা হয়েছে। ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনার জন্য এসব ফোনালাপের আয়োজন করা হয়েছিল।
২০২৫ সালের এপ্রিলে ভারত মিলারের প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করে। পরে চলতি বছরের এপ্রিলে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে প্রতিষ্ঠানটির মাসিক ১ লাখ ৫০ হাজার ডলারের চুক্তি হয়েছিল। তবে মিলার ট্রাম্প প্রশাসনে বিশেষ সরকারি কর্মচারী হিসেবে যোগ দেওয়ার পর ২৩ জুন চুক্তিটির অবসান ঘটে।
নথি অনুযায়ী, প্রতিষ্ঠানটি মার্কিন সরকার, কংগ্রেস, বিভিন্ন রাজ্য সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও থিঙ্কট্যাঙ্কের কাছে নীতিগত বিষয়ে কৌশলগত পরামর্শ ও সহায়তা দিত।
যুক্তরাষ্ট্রের ফ্যারা আইন অনুযায়ী, বিদেশি গ্রাহকদের হয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনাকারী এজেন্টদের নিয়মিত কাজের বিবরণ ও আর্থিক লেনদেনের তথ্য প্রকাশ করতে হয়।
এ ছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর যুক্তরাষ্ট্র সফরের আগে মে মাসে মিলারের প্রতিষ্ঠানটি ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল নিধাম এবং ট্রেজারি বিভাগের শীর্ষ কর্মকর্তা জিন ল্যাঞ্জের যোগাযোগের ব্যবস্থা করে।
সফরের পর জুন মাসে ভারতের কর্মকর্তারা মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার, নীতিবিষয়ক সহকারী ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউংয়ের সঙ্গে কথা বলেন।
সূত্র: দ্য ওয়ার
এমকে/বিএম২৪








