বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় আটক নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০২:২২ এএম
বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় আটক নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা

ছবি: সংগৃহীত

বাকৃবি প্রতিনিধি


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রেললাইনে টায়ার জ্বালানোর সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নেওয়া হয় এবং পুলিশে সোপর্দ করা হয়।


সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেট-সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রেললাইনে আগুন দেওয়ার চেষ্টার সময় আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শৈবাল ও অর্থ সম্পাদক নির্জনকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাদের সঙ্গে থাকা আরেকজন পালিয়ে যান। পরে আটক দুজনকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে ময়মনসিংহের কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্যসচিব মো. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মী।


ছাত্রদল নেতারা বলেন, স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। জাতীয়তাবাদী ছাত্রদল এ ধরনের কর্মকাণ্ড বরদাশত করবে না। বিশ্ববিদ্যালয়ে যারা আগুন দেওয়ার চেষ্টা করেছে, তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদল সর্বদা সজাগ রয়েছে।


ঘটনার বিষয়ে বাকৃবির সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির বলেন, বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেট-সংলগ্ন রেললাইনে টায়ার জ্বালানোর সময় দুজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা আরেকজন পালিয়ে যান। আটক দুজন আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের নেতা বলে জানা গেছে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।