ছয় শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করবে সরকার
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
দেশের শ্রমজীবী মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ছয়টি প্রধান শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, ঢাকার সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ পরিকল্পনার কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সংসদে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের গুরুত্বপূর্ণ ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যার একটি করে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালগুলোতে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে। শ্রমিকদের প্রয়োজন বিবেচনায় নিয়েই হাসপাতালগুলোর নামকরণ ও নির্মাণ কার্যক্রম পরিচালনা করা হবে।
বক্তব্যে দেশের জ্বালানি, শিল্প ও চিকিৎসা খাতের অতীত পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে এসব গুরুত্বপূর্ণ খাতকে পরিকল্পিতভাবে দুর্বল ও অকার্যকর করে ফেলা হয়েছিল। দেশীয় খনিজ সম্পদের যথাযথ ব্যবহার না করে জ্বালানি খাতকে আমদানিনির্ভর করা হয়েছিল।
শিল্প খাতের প্রসঙ্গে তিনি বলেন, অতীতে এমন কিছু নীতি গ্রহণ করা হয়েছিল, যার ফলে দেশের শিল্পের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়েছে। একইভাবে চিকিৎসাব্যবস্থাও দুর্বল হয়ে পড়েছিল। বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একপর্যায়ে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের মানুষকে বিদেশে যেতে বাধ্য হতে হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার। তাই শ্রমিকসমাজসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
তিনি উল্লেখ করেন, সম্প্রতি সংসদের একটি অধিবেশনে বিরোধীদলীয় নেতাও দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ছয়টি শ্রমিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নে সরকার উদ্যোগ নিয়েছে।
এমকে/বিএম২৪









