মার্কিন কারাগারে নিয়মিত কোরআন ও বাইবেল পড়ছেন মাদুরো

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পিএম
মার্কিন কারাগারে নিয়মিত কোরআন ও বাইবেল পড়ছেন মাদুরো

সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি জীবন কাটাচ্ছেন। কারাগারে অবসর সময়ের বেশির ভাগই তিনি ধর্মীয় ও দার্শনিক বই পড়ে কাটাচ্ছেন। বিশেষ করে নিয়মিত পবিত্র কোরআন ও বাইবেল পড়ছেন তিনি।


দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাদুরোর বর্তমান জীবন সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে এসব তথ্য জানা গেছে। গোপনীয়তার শর্তে সূত্রগুলো জানায়, কারাবন্দি হওয়ার পর থেকে ধর্মীয় গ্রন্থ পাঠে আগ্রহী হয়ে উঠেছেন ৬৩ বছর বয়সী মাদুরো। পাশাপাশি কারাগারের যাজক ও একজন ইহুদি রাব্বির সঙ্গেও ধর্মীয় বিষয়ে আলোচনা করছেন তিনি।


রাজনৈতিক জীবনে মাদুরো ক্যাথলিক খ্রিষ্টান হিসেবে পরিচিত ছিলেন। ভেনেজুয়েলার ইভানজেলিক্যাল খ্রিষ্টানদের ভোট পেতেও তিনি বরাবরই সচেষ্ট ছিলেন। এ ছাড়া মাদুরো, তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস এবং উত্তরসূরি ডেলসি রদ্রিগেজ ভারতের প্রয়াত গুরু সত্য সাঁই বাবার অনুসারী ছিলেন।


প্রকাশ্যে নিজেকে সেফার্ডিক ইহুদি বংশোদ্ভূত দাবি করলেও কারাবন্দি হওয়ার আগে ইহুদি ধর্মের প্রতি মাদুরোর বিশেষ আগ্রহ দেখা যায়নি। যুক্তরাষ্ট্রের কারাগারে যাওয়ার পরই রাব্বির সঙ্গে তার ধর্মীয় আলোচনা শুরু হয়েছে।


বর্তমানে নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছেন মাদুরো। প্রায় ১ হাজার ৩০০ বন্দির ধারণক্ষমতাসম্পন্ন এই কারাগারটি দীর্ঘদিন ধরে সহিংসতা ও জনবল সংকটে ভুগছে। অতীতে র‍্যাপার শন কম্বস, ক্রিপ্টোকারেন্সি উদ্যোক্তা স্যাম ব্যাংকম্যান-ফ্রিডসহ আলোচিত ব্যক্তিরাও এখানে বন্দি ছিলেন।


কারাগারে যাওয়ার পর মাদুরোর ওজনও উল্লেখযোগ্যভাবে কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রেসিডেন্ট থাকাকালে তিনি প্যালিও ডায়েট অনুসরণ করতেন। তবে কারাগারের খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।


এদিকে মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের শারীরিক অবস্থাও সংকটাপন্ন বলে আদালতের নথিতে উল্লেখ রয়েছে। গ্রেপ্তারের সময় জরায়ু অস্ত্রোপচারের পর চিকিৎসাধীন ছিলেন তিনি। সম্প্রতি বুকের ব্যথার কারণে তাকে নাইট্রোগ্লিসারিন দেওয়া হয়েছে। এ ছাড়া তার দুটি দাঁত পড়ে গেছে এবং ২৫ পাউন্ডের বেশি ওজন কমেছে।


আইনজীবীদের দাবি, গত জুলাই মাসে ফ্লোরেসের মৃদু হার্টঅ্যাটাক হয়েছিল। শারীরিক অবস্থার অবনতির কথা উল্লেখ করে জামিনের আবেদন করা হলেও আদালত তা নাকচ করে দেন।


চলতি বছরের ৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় বলে প্রতিবেদনে বলা হয়েছে।


যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন পাচারের ষড়যন্ত্র ও দুর্নীতিসহ একাধিক অভিযোগে অভিযুক্ত হয়েছেন মাদুরো ও তার স্ত্রী। আদালতে দুজনই নিজেদের নির্দোষ দাবি করেছেন। আগামী বছর তাদের মূল বিচারকাজ শুরু হওয়ার কথা রয়েছে।


ক্ষমতায় থাকাকালে ভেনেজুয়েলায় খাদ্যসংকট সৃষ্টি এবং ক্ষমতা ধরে রাখতে বন্দিদের ওপর নির্যাতনের নির্দেশ দেওয়ার অভিযোগও রয়েছে মাদুরোর বিরুদ্ধে। তবে এসব অভিযোগ নিয়ে তার আইনজীবীরা সংবাদমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।


এমকে/বিএম২৪