বাবা হারালেন মেসি, সমবেদনা জানালো বার্সা-রিয়াল

প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ১১:০৫ পিএম
বাবা হারালেন মেসি, সমবেদনা জানালো বার্সা-রিয়াল

সূত্রঃ ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক


লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুতে শোক প্রকাশ করেছে ফুটবলের দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবই মেসি ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।


হোর্হে মেসি শুধু লিওনেল মেসির বাবা ছিলেন না, তাঁর ফুটবল ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অভিভাবক ও পথপ্রদর্শকও ছিলেন। মাত্র ১৩ বছর বয়সে মেসির এজেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ সময় ছেলের ক্যারিয়ারের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন তিনি। বার্সেলোনায় মেসির আগমন ও পরবর্তী সাফল্যের পেছনেও হোর্হের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।


হোর্হে মেসির মৃত্যুতে রিয়াল মাদ্রিদ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে মেসি, তাঁর পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানায়। ক্লাবটির সভাপতি ও পরিচালনা পর্ষদ হোর্হের মৃত্যুতে শোক প্রকাশ করে মেসি পরিবারের প্রতি আন্তরিক সমর্থন জানায়।


এর কিছুক্ষণ পর শোকবার্তা দেয় বার্সেলোনাও। ক্লাবের সভাপতি ও পরিচালনা পর্ষদ হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মেসি পরিবারের প্রতি সমবেদনা জানায়।


বার্সেলোনা জানায়, ক্লাবটির প্রতি হোর্হের আস্থা এবং মেসির ক্যারিয়ারের শুরু থেকে সাফল্যের শিখরে পৌঁছানো পর্যন্ত তাঁর অবদানের কথা তারা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে। একই সঙ্গে হোর্হের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার শান্তি কামনা করে কাতালান ক্লাবটি।


মেসির শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজও হোর্হে মেসির মৃত্যুতে শোক জানিয়েছে। ক্লাবটি তাঁকে মেসির ক্যারিয়ারের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একজন অভিভাবক ও সহায়ক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছে।


ক্লাবটির ভাষ্য, স্ত্রী সেলিয়াকে সঙ্গে নিয়ে হোর্হে দূরদৃষ্টি, নিষ্ঠা ও ভালোবাসার মাধ্যমে লিওনেল মেসির ক্যারিয়ার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মেসির পথচলার প্রতিটি ধাপে তাঁর নিরবচ্ছিন্ন সমর্থন ও নেপথ্যের নেতৃত্ব ছিল গুরুত্বপূর্ণ।


এদিকে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)ও হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। লিওনেল মেসি ও তাঁর পরিবারের প্রতি ভালোবাসা ও সমবেদনা জানিয়েছে সংস্থাটি।


এমকে