‘বেশি উইড়েন না’, বিএনপি নেতাকে গুলি-কাফনের কাপড় দিয়ে হুমকি

প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ০৯:৩৩ পিএম
‘বেশি উইড়েন না’, বিএনপি নেতাকে গুলি-কাফনের কাপড় দিয়ে হুমকি

সূত্রঃ ফাইল ছবি



সাভারের আশুলিয়ায় বিএনপির স্থানীয় এক নেতাকে অভিনব কায়দায় হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর বাসার ফটকের সামনে একটি বাজারের ব্যাগে কাফনের কাপড়, একটি গুলি, আতর, সাবান, গোলাপজল ও হুমকির চিঠি রেখে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ব্যাগটি জব্দ করেছে পুলিশ।


হুমকির শিকার বিএনপি নেতা মো. ইসমাইল হোসেন মোল্লা ইয়ারপুর ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী।


পরিবারের সদস্যরা জানান, শনিবার (৮ আগস্ট) ভোর পাঁচটার দিকে বাসার ফটকের সামনে একটি বাজারের ব্যাগ দেখতে পান ইসমাইল হোসেন। পরে ব্যাগটি খুলে কাফনের কাপড়সহ বিভিন্ন সামগ্রী এবং একটি চিঠি পাওয়া যায়।


চিঠিতে ইসমাইল হোসেন ও তাঁর পরিবারের সদস্যদের উদ্দেশে সতর্ক করে বলা হয়, তাঁরা যেন ‘বেশি উইড়ে’ না বেড়ান। নিজেদের আচরণ পরিবর্তন না করলে ‘অদৃশ্য’ কেউ এসে সালাম দিয়ে তাঁকে পরকালের ঠিকানায় পাঠিয়ে দেবে বলেও চিঠিতে হুমকি দেওয়া হয়। চিঠির শেষে ‘অদৃশ্য মুসাফির’ নামে স্বাক্ষর করা হয়েছে।


হুমকির বিষয়ে ইসমাইল হোসেন মোল্লা বলেন, এত দিন তিনি মনে করতেন তাঁর কোনো শত্রু নেই। এখন বুঝতে পারছেন, হয়তো শত্রু রয়েছে। কারা তাঁকে হুমকি দিয়েছে, তা তিনি জানেন না। তবে এ ধরনের হুমকিতে তিনি ভয় পান না এবং বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান।


আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাজারের ব্যাগটি উদ্ধার করা হয়েছে। ব্যাগের ভেতর থেকে কাফনের কাপড়, একটি গুলি, আতর, গোলাপজল, সাবান ও একটি চিঠি পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।