‘আমার সঙ্গে বিয়ে নয়, হয়তো স্বপ্নের বাসর হয়েছিল’: শাবনূর

প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ০৮:২৬ পিএম
‘আমার সঙ্গে বিয়ে নয়, হয়তো স্বপ্নের বাসর হয়েছিল’: শাবনূর

সূত্রঃ ফাইল ছবি

বিনোদন ডেস্ক



চিত্রনায়িকা শাবনূরকে ঘিরে রিজভী আহমেদ নামের এক ব্যক্তির করা প্রেম, বিয়ে ও সালমান শাহ-সংক্রান্ত নানা দাবিকে সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন অভিনেত্রী।


সম্প্রতি আরজে নীরব ও সময় টিভিকে দেওয়া পৃথক সাক্ষাৎকারে রিজভী শাবনূরের সঙ্গে তার প্রেম ও বিয়ের দাবি করেন। এ নিয়ে নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে বিস্তারিত বক্তব্য দিয়েছেন শাবনূর।


অভিনেত্রী জানান, আরজে নীরবকে দেওয়া সাক্ষাৎকারে রিজভী দাবি করেছেন, তিনি শাবনূরকে ভালোবাসতেন এবং বিয়ে করতে চেয়েছিলেন। অথচ প্রায় একই সময়ে সময় টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ওই ব্যক্তি শাবনূরকে তার ‘সাবেক প্রেমিকা’ বলে দাবি করেন। একই ব্যক্তির এমন পরস্পরবিরোধী বক্তব্যে বিস্ময় প্রকাশ করেন তিনি।


শাবনূর বলেন, রিজভী ২০১৬ সালে তাদের বিয়ে এবং ২০১৮ সালে বিচ্ছেদ হয়েছে বলেও দাবি করেছেন। তবে এ বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, কথিত বিয়েটি কোথায় ও কীভাবে হয়েছিল।


অভিনেত্রীর ভাষ্য, রিজভী দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন বলে তিনি জানেন। কিন্তু ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে তিনি নিজে যুক্তরাজ্যে যাননি। ফলে ওই সময়ে তাদের বিয়ে হওয়ার দাবির কোনো বাস্তব ভিত্তি নেই।


শাবনূর আরও স্পষ্ট করে বলেন, রিজভীর সঙ্গে তার কখনো কোনো প্রেমের সম্পর্ক ছিল না। এমনকি ব্যক্তিগতভাবেও তিনি ওই ব্যক্তিকে চেনেন না। বিষয়টি নিয়ে রসিকতার সুরে তিনি লেখেন, এসব কথা শুনে তার মনে হচ্ছে, বাস্তবে কোনো বিয়ে নয়, হয়তো শুধু ‘স্বপ্নের বাসর’ই হয়েছিল।


রিজভীর বক্তব্যে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে ঘিরে শাবনূরের বিরুদ্ধেও অভিযোগ তোলা হয়েছে বলে জানান অভিনেত্রী। তার দাবি, রিজভী তাকে সালমান শাহকে ব্ল্যাকমেল করার জন্য দায়ী করেছেন এবং এমনকি অভিনেতার মৃত্যুর সঙ্গেও তাকে জড়ানোর চেষ্টা করেছেন।


এসব অভিযোগ সরাসরি অস্বীকার করে শাবনূর প্রশ্ন তোলেন, কীভাবে এবং কোন ভিত্তিতে রিজভী তাকে সালমান শাহকে ব্ল্যাকমেল করার অভিযোগে অভিযুক্ত করছেন।


সালমান শাহর সঙ্গে তার সম্পর্ক নিয়ে ‘কূটনামি’ বা একজনের কথা অন্যজনের কাছে লাগানোর অভিযোগও ভিত্তিহীন বলে দাবি করেন শাবনূর। এমন আচরণ তার স্বভাবের অংশ নয় বলেও উল্লেখ করেন তিনি।


পোস্টে রিজভীর অতীতের বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন এই অভিনেত্রী। তার দাবি, একসময় রিজভী সালমান শাহর মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেছিলেন এবং এ ঘটনায় রাজসাক্ষী হওয়ার দাবিও করেছিলেন। পরে তিনি দেশ ছেড়ে যুক্তরাজ্যে চলে যান বলে জানান শাবনূর।


তবে শাবনূরের দাবি, সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর সাম্প্রতিক দুটি সাক্ষাৎকারে রিজভী আবার বলেন, এটি হত্যা নয়, আত্মহত্যা ছিল। একইসঙ্গে সালমান শাহর মা নীলা চৌধুরীকেও ছেলের মৃত্যুর জন্য দায়ী করেছেন বলে উল্লেখ করেন অভিনেত্রী।


শাবনূরের মতে, একই ব্যক্তির বক্তব্যে এত পরিবর্তন ও পরস্পরবিরোধী দাবি থাকায় স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের সৃষ্টি হয়। নিজের বিরুদ্ধে ওঠা প্রেম, বিয়ে এবং সালমান শাহকে ঘিরে সব অভিযোগই তিনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন।


এদিকে শাবনূরের বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্তদের অনেকেই অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন। কেউ তাকে সত্য তুলে ধরার জন্য ধন্যবাদ জানিয়েছেন, আবার কেউ মন্তব্য করেছেন—সত্য একদিন প্রকাশ্যে আসবেই।



এমকে/বিএম২৪