জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক এমরান জাহান
সূত্রঃ ফাইল ছবি
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পেয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. এমরান জাহান। সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল রানা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পাওয়ায় পদটি শূন্য হয়। পরে গঠনতন্ত্র অনুযায়ী সহসভাপতি অধ্যাপক এমরান জাহানকে অবশিষ্ট মেয়াদের জন্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (৮ আগস্ট) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আইরীন আক্তার বিষয়টি নিশ্চিত করেন।
অধ্যাপক আইরীন আক্তার বলেন, ‘শিক্ষক সমিতির গঠনতন্ত্র ও বিধি অনুযায়ী সহসভাপতি সভাপতির দায়িত্ব পালন করবেন। সে অনুযায়ী বর্তমান সহসভাপতি অধ্যাপক ড. মো. এমরান জাহান আগামী ডিসেম্বর পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।’
এ বিষয়ে শিক্ষক সমিতির গঠনতন্ত্রের ‘সহসভাপতি’ বিধির ২ নম্বর ধারায় বলা হয়েছে, কোনো কারণে সভাপতির পদ শূন্য হলে সহসভাপতি নির্বাহী পরিষদের অবশিষ্ট মেয়াদকালের জন্য সভাপতির দায়িত্ব পালন করবেন।
শিক্ষক সমিতির সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল রানা বলেন, ‘শিক্ষক সমিতির নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, বর্তমান সহসভাপতি অবশিষ্ট মেয়াদকাল সভাপতির দায়িত্ব পালন করবেন। এরপর নির্ধারিত সময়ে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।’
তিনি আরও বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে শিক্ষক সমিতির সঙ্গে সম্পৃক্ত থেকে সভাপতির দায়িত্ব পালন করেছি। নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও নির্বাহী কমিটির সব সদস্যের প্রতি শুভকামনা জানাই। আমার অবস্থান থেকে শিক্ষক সমিতির প্রয়োজনে যতটুকু সহযোগিতা করা সম্ভব, ভবিষ্যতেও তা করে যাওয়ার চেষ্টা করব।’
নবদায়িত্বপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. এমরান জাহান বলেন, ‘সবার সহযোগিতায় আমি শিক্ষক সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করার চেষ্টা করব। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়নে শিক্ষক সমিতির পক্ষ থেকে গঠনমূলক ভূমিকা পালন করতে চাই।’
উল্লেখ্য, গত ২৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানাকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২৫ সেশনে নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২৬ সেশনের নির্বাচন স্থগিত করে এই কমিটির মেয়াদ এক বছর বাড়ানো হয়।
এমকে/বিডিমেইল২৪








