রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
সূত্রঃ ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে বিরোধী দলের প্রার্থী চূড়ান্ত করতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক ডাকার সিদ্ধান্ত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
দলটির পাঠানো এক বার্তায় বলা হয়, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে আগামীকাল ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই বিরোধী দলের প্রার্থী দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার এবং ১১ দলীয় ঐক্য ঘোষিত রাজনৈতিক কর্মসূচিসহ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
এমকে/বিডিমেইল২৪








