বাংলাদেশের ক্রিকেটে আর্থিক সহায়তা বন্ধ করতে আইসিসিকে বুলবুলের চিঠি

প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ০১:০৫ এএম
বাংলাদেশের ক্রিকেটে আর্থিক সহায়তা বন্ধ করতে আইসিসিকে বুলবুলের চিঠি

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে তাকে পুনরায় বিসিবির সভাপতি হিসেবে বহাল করার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে বর্তমান বিসিবির জন্য আইসিসির আর্থিক সহায়তা স্থগিত রাখারও আহ্বান জানিয়েছেন তিনি.....

চলতি সপ্তাহের শুরুতে ১৪ পৃষ্ঠার একটি চিঠি আইসিসির কাছে দিয়েছেন বুলবুল। চিঠিতে তিনি সাবেক বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান বিসিবি পরিচালনা পর্ষদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।

আইসিসি বুলবুলের পাঠানো চিঠির বিষয়টি বিসিবিকে অবহিত করেছে। এর জবাবে বর্তমান বিসিবি পরিচালনা পর্ষদও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির কাছে নিজেদের অবস্থান তুলে ধরে একটি চিঠি পাঠিয়েছে।

তবে গতকাল এক ভিডিওবার্তায় এই চিঠির বিষয়টি অস্বীকার করেছিলেন বুলবুল। তিনি বলেন, 'একটা খবর দেখলাম যে আমি নাকি আইসিসিকে রিকোয়েস্ট করেছি বাংলাদেশের ফান্ডিং বন্ধ করে দেওয়ার জন্য। সেটা কখনোই সম্ভব না এবং সেটা আমার দ্বারা কখনো হয়নি, ঘটেওনি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আইসিসির কাছে আমি কখনো এমন কোনো রিকোয়েস্ট করব না, যাতে বাংলাদেশের কোনো ক্ষতি হয়।'

বুলবুল এমন দাবি করলেও আইসিসির কাছে তার পাঠানো চিঠির একটি নথি সময় সংবাদ হাতে পেয়েছে। সেখানে বাংলাদেশের ক্রিকেটে আইসিসির আর্থিক সহায়তা এবং ক্রিকেটীয় সরঞ্জামাদি সরবরাহ বন্ধ করতে অনুরোধ করা হয়েছে আইসিসিকে। 

গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করে। গত অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই নির্বাচনে বুলবুল সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

একই সঙ্গে এনএসসি তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে। এই কমিটির দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সময়ে বিসিবির কার্যক্রম পরিচালনা করা এবং ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করা।

পরবর্তীতে ৭ জুন সেই অ্যাডহক কমিটি নির্বাচন আয়োজন করে। ওই নির্বাচনে তামিম ইকবাল আগামী চার বছরের জন্য বিসিবির সভাপতি নির্বাচিত হন।

পদ হারানোর পর থেকেই বিভিন্ন গণমাধ্যমে নিজেকে বিসিবির বৈধ সভাপতি বলে দাবি করে আসছেন বুলবুল। পাশাপাশি তিনি বিষয়টিতে আইসিসির হস্তক্ষেপও কামনা করে আসছেন।

সূত্র- সময় টেলিভিশন