অসহায় মানুষের মুখে হাসি ফুটাল পাবিপ্রবির ১৬তম ব্যাচ, উপহার দিল স্ট্রেচার
আব্দুল কাইউম, পাবনা প্রতিনিধি :
মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ১৬তম ব্যাচের একদল শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে মসজিদের সামনে অসুস্থ ও চলাচলে অক্ষম অবস্থায় জীবনযাপন করা এক অসহায় ব্যক্তির পাশে দাঁড়িয়ে তাঁকে একটি স্ট্রেচার উপহার দিয়েছেন তারা।
স্ট্রেচারটি হাতে পাওয়ার পর ওই ব্যক্তির চোখেমুখে ফুটে ওঠে স্বস্তির হাসি। দীর্ঘদিনের কষ্ট কিছুটা হলেও লাঘব হওয়ায় তিনি নিজেও দাঁড়িয়ে চলাচলের চেষ্টা করেন। শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগ উপস্থিত মানুষের প্রশংসা কুড়িয়েছে এবং সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে এগিয়ে আসার বার্তা দিয়েছে।
এ উদ্যোগে অংশ নেন ব্যবসায় প্রশাসন বিভাগের মো. আমির হামজা, লোকপ্রশাসন বিভাগের এনামুল হক ইমন, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের ইফতেখার আহমেদ ইমন, রসায়ন বিভাগের বাসার, সিএসই বিভাগের বাদশাসহ পাবিপ্রবির ১৬তম ব্যাচের আরও অনেক শিক্ষার্থী।
ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. আমির হামজা বলেন, “মানুষটি দীর্ঘদিন ধরে সহযোগিতার আশায় ছিলেন। বিষয়টি জানতে পেরে আমরা বন্ধুরা নিজেদের সামর্থ্য অনুযায়ী অর্থ সংগ্রহ করে তাঁর জন্য একটি স্ট্রেচারের ব্যবস্থা করি। একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আমরা সত্যিই আনন্দিত।”
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী এনামুল হক ইমন বলেন, “একজন অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পেরে ভালো লাগছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব, ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
শিক্ষার্থীরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াস কেবল একটি সহায়তা নয়, বরং মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার একটি ছোট্ট প্রয়াস।









