বেনজীরকে ফেরত চেয়ে নথি দিলেও, দুবাই পুলিশ এখনও কিছু জানায়নি

প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ০৯:৪৮ পিএম
বেনজীরকে ফেরত চেয়ে নথি দিলেও, দুবাই পুলিশ এখনও কিছু জানায়নি

নিজস্ব প্রতিবেদক:

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরত চেয়ে প্রয়োজনীয় সব নথি পাঠানো হলেও দুবাই পুলিশ এখনো বাংলাদেশ কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি জানান, হাদি হত্যা মামলায় জড়িত আসামিকে দেশে ফেরত আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জোর তৎপরতা চালানো হচ্ছে।

আজ শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সাবেক আইজিপি বেনজীর আহমেদের প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে বেনজীরকে ফেরত চেয়ে সব ধরনের আইনি ও তদন্তসংশ্লিষ্ট নথি দুবাই পুলিশের কাছে পাঠানো হয়েছে। তবে নথি পাওয়ার পর দুবাই পুলিশ এখনো পর্যন্ত বাংলাদেশকে পরবর্তী কোনো পদক্ষেপ বা সিদ্ধান্তের কথা জানায়নি।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং বিদেশে পলাতক আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে কূটনৈতিক তৎপরতা চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।’ সম্প্রতি ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইনের (অনুপ্রবেশ) চেষ্টা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অত্যন্ত কঠোর ও সজাগ অবস্থানের কারণে ভারত সীমান্তে এখনো বড় ধরনের কোনো পুশ ইন বা অনুপ্রবেশের ঘটনা ঘটানো সম্ভব হয়নি।’