নিরাপত্তা পেলে দেশে ফিরবেন সাকিব, বিচারের মুখোমুখি হতেও প্রস্তুত

প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ০৮:০১ পিএম
নিরাপত্তা পেলে দেশে ফিরবেন সাকিব, বিচারের মুখোমুখি হতেও প্রস্তুত

সূত্রঃ ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক



সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, সরকার তার নিরাপত্তা নিশ্চিত করলে তিনি দুই বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে দেশে ফিরতে প্রস্তুত। একই সঙ্গে তার বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলাসহ সব অভিযোগের বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতেও তিনি রাজি বলে জানিয়েছেন। পাশাপাশি দেশের মাটিতে একটি বিদায়ী সিরিজ খেলার ইচ্ছার কথাও পুনর্ব্যক্ত করেছেন তিনি।


২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হওয়ায় ওই সময় থেকে তিনি দেশে ফেরেননি। সম্প্রতি নয়া দিল্লিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পর তিনি আবারও আলোচনায় আসেন।


বর্তমানে শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন সাকিব। সেখান থেকে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "সরকার যদি আমার নিরাপত্তার নিশ্চয়তা দেয়, তাহলে আমি সানন্দে দেশে ফিরব। আদালতের বিচার প্রক্রিয়াসহ যা যা প্রয়োজন, সবকিছুর মুখোমুখি হতে প্রস্তুত আছি।"


তিনি আরও দাবি করেন, নিজের বিরুদ্ধে কোনো অন্যায় করেননি বলেই তার বিশ্বাস।


আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনও অবসর নেননি সাকিব। দেশে ফিরে বিদায়ী সিরিজ খেলার পাশাপাশি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে অংশ নেওয়ার আশাও প্রকাশ করেছেন তিনি।


রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, যদি এখন দেশে ফেরা সম্ভব না হয়, তাহলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার চেষ্টা করবেন। এ বিষয়ে তিনি বলেন, "ক্যাপ্টেন (শেখ হাসিনা) যা বলেন, আমরা সেটাই অনুসরণ করি। আমি মনে করি, তারাই ভালো সিদ্ধান্ত নেবেন এবং আমাদের যে নির্দেশনা দেওয়া হবে, আমরা সেটাই মেনে চলব।"


নয়া দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেওয়ার পর তার মাগুরার ফাঁকা বাড়িতে হামলার ঘটনাও উল্লেখ করেন সাকিব। এ বিষয়ে তিনি বলেন, সেখানে তিনি শুধু দেশের শান্তি ও অগ্রগতির কথাই বলেছেন এবং এ নিয়ে তার কোনো অনুশোচনা নেই।


সাকিব জানান, অন্তর্বর্তী সরকারের সময় একজন আইনজীবীর মাধ্যমে স্বরাষ্ট্র, আইন ও ক্রীড়া মন্ত্রণালয়সহ পুলিশের কাছে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো প্রত্যাহারের আবেদন করা হয়েছিল। তার দাবি, মামলাগুলো ‘বানোয়াট’। তবে সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকেই তিনি সাড়া পাননি।


দেশে ফেরার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলার আগ্রহও প্রকাশ করেছেন সাকিব। তবে এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে প্রধানমন্ত্রীর মুখপাত্ররা রয়টার্সকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেননি।


ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে সাকিব বলেন, তিনি এখনও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন এবং খেলাটি উপভোগ করছেন। তবে বয়সের কারণে অবসরের সিদ্ধান্ত নিতে খুব বেশি সময় হাতে নেই বলেও মন্তব্য করেন।


এমকে/বিএম২৪