বনানীতে আ.লীগের মিছিলের প্রস্তুতি, আটক ৭

প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ০৯:৪৮ পিএম
বনানীতে আ.লীগের মিছিলের প্রস্তুতি, আটক ৭

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক



রাজধানীর বনানী এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭০টি মশাল, একটি ব্যানার ও ৭৭টি ফেসমাস্ক উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ডিএমপির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে বনানী থানা পুলিশ খবর পায় যে, আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে প্রায় ১০০ থেকে ১২০ জনের একটি দল মশাল নিয়ে মিছিলের উদ্দেশ্যে জড়ো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে সাতজনকে আটক করে। তবে অভিযানের সময় অন্যান্য অজ্ঞাতনামা ব্যক্তিরা কৌশলে পালিয়ে যায়।

আটকদের মধ্যে মো. আরিফ, শাকিল আহমেদ ও আশিক আহমেদ মোস্তফার বয়স ১৯ বছর বলে জানিয়েছে পুলিশ। বাকি চারজন অপ্রাপ্তবয়স্ক।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মশাল মিছিলের চেষ্টা করা হলে পুলিশ সাতজনকে আটক করে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী জানান, সৈনিক ক্লাব থেকে আর্মি স্টেডিয়ামের দিকে যাওয়ার সময় ঢাকা-ময়মনসিংহ (আউটগোয়িং) মহাসড়কের পাশে একটি দল মশালসহ জড়ো হয়েছিল। পরে পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে আটক করে এবং ঘটনাস্থল থেকে ৭০টি মশাল, একটি ব্যানার ও ৭৭টি ফেসমাস্ক জব্দ করে।


এমকে/বিএম২৪