রোমে প্রযুক্তিগত ত্রুটি, বিমানের ভেতরে ৭ ঘণ্টা আটকা ২৬০ যাত্রী
সূত্রঃ ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রাজধানী রোমের একটি বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-ঢাকা রুটের একটি ফ্লাইটে প্রায় সাত ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রয়েছেন প্রায় ২৬০ জন যাত্রী।
শুক্রবার (৮ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় উড়োজাহাজটিতে প্রযুক্তিগত সমস্যা ধরা পড়ে। এরপর থেকে যাত্রীদের বিমান থেকেই নামানো হয়নি বলে ফ্লাইটে থাকা কয়েকজন যাত্রী জানান।
জানা গেছে, বিজি-৩০৬ ফ্লাইটটি বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। রোমে নির্ধারিত যাত্রাবিরতির সময় অবতরণের পর যাত্রীদের জানানো হয়, উড়োজাহাজে প্রযুক্তিগত ত্রুটি দেখা দিয়েছে এবং তা মেরামতের কাজ চলছে।
স্থানীয় সময় দুপুর দেড়টা পর্যন্ত বিমানটি রোম বিমানবন্দরেই অবস্থান করছিল। তবে কখন ফ্লাইটটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা করবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি কর্তৃপক্ষ।
যাত্রীদের ভাষ্য অনুযায়ী, ঢাকায় আসার পথে জ্বালানি নেওয়ার জন্য রোমে ফ্লাইটটির নির্ধারিত যাত্রাবিরতি ছিল। তবে উড়োজাহাজের প্রযুক্তিগত সমস্যার সুনির্দিষ্ট কারণ এবং ফ্লাইটে থাকা যাত্রীর সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
এদিকে, এ ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। এছাড়া এয়ারলাইন্সটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।









