জাতীয় সংকটে সরকার-বিরোধী দলের ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন : ডা. শফিকুর রহমান
সূত্রঃ সংগৃহীত
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট যেকোনো সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের মধ্যে সমন্বয় ও সহযোগিতা থাকলে অনেক সমস্যার কার্যকর সমাধান সম্ভব। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে।
শুক্রবার (৭ আগস্ট) সকালে বাগেরহাট জেলা জামায়াতের রুকন সম্মেলনে যোগ দেওয়ার আগে বাগেরহাট সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সাম্প্রতিক জ্বালানি তেলের সংকট মোকাবিলার ক্ষেত্রে সরকার ও বিরোধী পক্ষের সমন্বিত উদ্যোগ ইতিবাচক ফল দিয়েছে। অতিরিক্ত জ্বালানি সরবরাহ ছাড়াই পরিস্থিতির উন্নতি হয়েছে, যা সম্মিলিত উদ্যোগের সফলতার একটি উদাহরণ।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী একটি শান্তিপূর্ণ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। অতীতে জাতীয় সংসদে সংঘাত, বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা দেশের গণতান্ত্রিক চর্চাকে ক্ষতিগ্রস্ত করেছে। ভবিষ্যতে একটি শালীন, দায়িত্বশীল ও গঠনমূলক সংসদীয় সংস্কৃতি প্রতিষ্ঠায় তাঁর দল কাজ করবে। কোনো ধরনের উসকানি এলেও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি থেকে সরে আসবে না বলেও তিনি উল্লেখ করেন।
আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতের বিভিন্ন ঘটনা নিয়ে দলটির পক্ষ থেকে অনুশোচনা বা আত্মসমালোচনার লক্ষণ দেখা যায়নি। এ অবস্থায় আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সুযোগ আছে বলে তিনি মনে করেন না।
মতবিনিময় সভায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি, বাগেরহাটের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান, মনজুরুল হক রাহাদ, অধ্যক্ষ আব্দুল আলীম এবং জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম উপস্থিত ছিলেন।
পরে তিনি বাগেরহাট কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
এমকে/বিএম২৪









