আগ্রাসী উদ্যাপনের খেসারত, ভারতীয় পেসারকে শাস্তি দিল আইসিসি
সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
নিউজিল্যান্ডের ব্যাটসম্যান টিম সাইফার্টকে আউট করার পর আগ্রাসী উদ্যাপনের কারণে শাস্তি পেয়েছেন ভারতের পেসার গুরনুর ব্রার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি ভঙ্গ করায় তাঁকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। পাশাপাশি তাঁর নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
গত শুক্রবার মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে এ ঘটনা ঘটে। ইনিংসের ১২তম ওভারে টিম সাইফার্টকে আউট করার পর তাঁর দিকে এগিয়ে গিয়ে আগ্রাসী ভঙ্গিতে উদ্যাপন করেন ব্রার। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সতীর্থ বিরাট কোহলি তাঁকে সরিয়ে নেন।
আইসিসির আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করেছেন ব্রার। এই ধারায় কোনো ব্যাটসম্যান আউট হওয়ার পর তাঁকে অপমানিত বা উসকে দিতে পারে—এমন ভাষা, আচরণ কিংবা অঙ্গভঙ্গি নিষিদ্ধ।
গত ২৪ মাসের মধ্যে এটি ব্রারের দ্বিতীয় অপরাধ। ফলে তাঁর মোট ডিমেরিট পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুইয়ে। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন এই ভারতীয় পেসার। এ কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ অপরাধের ক্ষেত্রে আনুষ্ঠানিক তিরস্কার থেকে শুরু করে ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্টের শাস্তি হতে পারে। ২৪ মাসের মধ্যে কোনো ক্রিকেটারের ডিমেরিট পয়েন্ট চার হলে তা সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়।
এমকে/বিএম২৪









