‘দল থাকবে, কার্যক্রম চলবে না’—ছাত্রদল নেতাকে জিয়া পরিষদ নেতার হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত
সাইয়্যেদ মুহাম্মদ শান্ত, পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউটে ছাত্রদলের কার্যক্রম পরিচালনা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। কলেজ ছাত্রদলের সভাপতি মো. সৈকত হোসেনকে ‘দল থাকবে, কিন্তু কোনো কার্যক্রম চলবে না’ বলে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও সদর উপজেলা জিয়া পরিষদের সহসভাপতি মশফিকুর রহমান প্রধানের বিরুদ্ধে।
রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের গেটে এ ঘটনা ঘটে। পরে ছাত্রদল সভাপতি সৈকত হোসেন ও কর্মী ওমর ফারুক সাগরকে সেখান থেকে চলে যেতে বাধ্য করা হয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনার ১৯ ও ২৩ সেকেন্ডের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে শিক্ষক মশফিকুর রহমানকে বলতে শোনা যায়, ‘দল এমনি থাকবে, কিন্তু কোনো কার্যক্রম চলবে না।’ জবাবে ছাত্রদল সভাপতি বলেন, তাঁরা কোনো কার্যক্রম করছেন না। এ সময় শিক্ষককে বলতে শোনা যায়, ওপরের নির্দেশনা রয়েছে—এখানে কোনো কার্যক্রম চলবে না, কমিটি থাকতে পারে।
ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে সমালোচনা ও প্রতিবাদ শুরু হয়। একটি বেসরকারি কলেজে ছাত্রদলের রাজনীতি করতে বাধা দেওয়া হবে কেন, সে প্রশ্ন তুলেছেন অনেকে। ঘটনার সুষ্ঠু সমাধান চেয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।
ছাত্রদল সভাপতি মো. সৈকত হোসেনের দাবি, অসুস্থতার কারণে দীর্ঘদিন তিনি কলেজে যেতে পারেননি এবং দলীয় কার্যক্রমও পরিচালনা করতে পারেননি। রোববার কলেজের কয়েকজন শিক্ষার্থীর ফোন পেয়ে বই কেনাসহ বিভিন্ন বিষয়ে খোঁজ নিতে তিনি কলেজে যান। প্রশাসনিক ভবনের গেটে পৌঁছালে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মশফিকুর রহমান তাঁকে দেখে কলেজে আসার কারণ জানতে চান এবং সেখানে রাজনীতি করা যাবে না বলে হুঁশিয়ারি দেন।
সৈকত বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার কথা শুনতেই তিনি কলেজে গিয়েছিলেন। কাউকে বাইরে নিয়ে যাওয়া বা কোনো রাজনৈতিক কর্মসূচি পালনের উদ্দেশ্য তাঁর ছিল না। এ সময় শিক্ষক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানকে নিয়েও বিরূপ মন্তব্য করেন বলে অভিযোগ করেন তিনি।
সৈকতের ভাষ্য, তিনি শিক্ষককে এ ধরনের মন্তব্য করতে নিষেধ করলেও তিনি কথা চালিয়ে যান। পরে তাঁরা সেখান থেকে চলে আসেন। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলকে রাজনৈতিক কার্যক্রম করতে না দেওয়ার বিষয়টি দুঃখজনক উল্লেখ করে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক মশফিকুর রহমান প্রধান। তিনি বলেন, কলেজে আসার পর ওই ছাত্ররা তাঁর সঙ্গে খারাপ আচরণ শুরু করেন। তাঁর বক্তব্যের আগের ও পরের অংশ বাদ দিয়ে ভিডিও প্রচার করা হয়েছে। তিনি দাবি করেন, কলেজে রাজনৈতিক কার্যক্রম না চালানোর বিষয়ে তিনি নিজের কোনো সিদ্ধান্তের কথা বলেননি; ব্যারিস্টার জমির নওশাদ জমির ও ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বক্তব্যের কথা উল্লেখ করেছেন। তিনি নিজে জিয়া পরিষদের নেতা এবং আগে থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত বলেও জানান।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান বলেন, ছাত্রদলকে কার্যক্রম করতে না দেওয়া নিঃসন্দেহে দুঃখজনক। তাঁকে নিয়ে শিক্ষক বিরূপ মন্তব্য করলেও সেটি তিনি গুরুত্ব দিতে চান না। তবে ছাত্রদলকে রাজনীতি করতে দেওয়া হবে না—এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী ও দলের কেন্দ্রীয় নেতাদের কাছে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মো. কায়েদ-ই-আজম বলেন, কলেজটি আগে থেকেই রাজনীতিমুক্ত। এখানে স্কুল পর্যায়ও থাকায় ক্যাম্পাসের ভেতরে রাজনৈতিক কার্যক্রম না করার বিষয়ে বিভিন্ন দলকে জানানো হয়েছে। তবে কলেজের বাইরে রাজনীতি করতে বাধা নেই।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান তাঁকে ফোন করেছিলেন। আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার কথা ছিল। এর মধ্যেই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।









