পাবিপ্রবিতে শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও ফেল করানোর হুমকির অভিযোগ, আন্দোলনে শিক্ষার্থীরা

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১০:১১ পিএম
পাবিপ্রবিতে শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও ফেল করানোর হুমকির অভিযোগ, আন্দোলনে শিক্ষার্থীরা

ছবি: বিডি মেইল

মো. বাপ্পি হোসেন, পাবিপ্রবি প্রতিনিধি


ফেল করিয়ে দেওয়ার হুমকি, ক্লাস টেস্টে নম্বর না দেওয়া এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক হুমায়ুন কবিরের বিরুদ্ধে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা।


রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিভাগের সামনে এ আন্দোলন করেন তাঁরা। এ সময় বিভাগের চেয়ারম্যান বরাবর আবেদন জমা দেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, ছাত্র উপদেষ্টা ও প্রক্টর বরাবরও লিখিত অভিযোগ ও দাবি পেশ করেন তাঁরা।


আন্দোলনকারী শিক্ষার্থীদের দুটি প্রধান দাবি হলো—CHE-4132 কোর্সের জন্য বিশেষ সেমিস্টার চালু করা এবং পরবর্তী নিয়মিত সেমিস্টারে তাঁদের ওপর অতিরিক্ত নতুন কোনো কোর্সের চাপ না দেওয়া। পাশাপাশি ভবিষ্যতে ওই শিক্ষককে তাঁদের ব্যাচের কোনো কোর্সের দায়িত্ব না দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।


শিক্ষার্থীদের অভিযোগ, বিভাগের CHE-4132: Spectroscopic Methods in Structural Analysis কোর্সটি পরিচালনায় নানা অনিয়মের কারণে দীর্ঘদিন ধরে তাঁরা ভোগান্তির শিকার হচ্ছেন। কোর্সটির অধিকাংশ ক্লাস অনলাইনে নেওয়া হয়েছে। এ ছাড়া নির্ধারিত ১০ নম্বরের ক্লাস টেস্টের পরিবর্তে ৪০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁদের।


তাঁদের আরও অভিযোগ, ক্লাসে শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশে অপমানজনক ও ভীতিকর মন্তব্য করেছেন। এমনকি ‘পাস করবি কীভাবে, দেখে নেব’—এ ধরনের হুমকিমূলক কথাও বলেছেন। এতে শিক্ষার্থীদের মধ্যে ভীতি ও মানসিক চাপ তৈরি হয়েছে।


শিক্ষার্থীরা জানান, কোর্সটির চূড়ান্ত পরীক্ষায় অধিকাংশ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার আশঙ্কা করছেন। তাঁরা স্নাতক শেষ বর্ষে থাকায় এ কোর্সে অকৃতকার্য হলে স্নাতক সম্পন্ন করতে বিলম্ব হতে পারে। কারণ, শেষ বর্ষে কোর্স ইমপ্রুভমেন্টের সুযোগ না থাকায় তাঁরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।


নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ওই শিক্ষক পিএইচডি করতে যাওয়ার আগেও বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে সমস্যা তৈরি করেছিলেন। তখন একটি ব্যাচের প্রায় ২০ জন শিক্ষার্থীকে ল্যাব পরীক্ষায় অকৃতকার্য করানো হয়েছিল। এ নিয়ে বিভাগে তালা দেওয়ার ঘটনাও ঘটেছিল। শিক্ষাছুটি শেষে ফিরে এসে তিনি তাঁদের ব্যাচের সঙ্গেও একই ধরনের আচরণ করছেন বলে অভিযোগ ওই শিক্ষার্থীর।


আরেক শিক্ষার্থী অভিযোগ করেন, শিক্ষক ক্লাসে তাঁদের কোর্সে ফেল করিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তাঁর দাবি, পরীক্ষায় ইচ্ছাকৃতভাবে কঠিন প্রশ্ন করা হয় এবং শিক্ষক নিজের সিদ্ধান্ত শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন।


তবে শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করেছেন সহকারী অধ্যাপক হুমায়ুন কবির। তিনি বলেন, কোর্সটি তুলনামূলক কঠিন হওয়ায় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করতে বলেছেন। পড়াশোনা না করলে পরীক্ষায় পাস করা কঠিন হবে—এমন সতর্কতা দিয়েছেন। কাউকে ইচ্ছাকৃতভাবে ফেল করানোর কোনো উদ্দেশ্য তাঁর নেই। যারা পড়াশোনা করবে, তারা ভালো নম্বর পাবে।


কোর্স পরিচালনায় অনিয়মের অভিযোগের বিষয়ে তিনি বলেন, অভিযোগগুলো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় দিয়ে তিনি কোর্সটি পড়িয়েছেন। ৪২ ঘণ্টা ক্লাস নেওয়ার কথা থাকলেও প্রায় ৬৫ ঘণ্টা ক্লাস নিয়েছেন। নিয়মিত ক্লাসের পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনেও শিক্ষার্থীদের সুবিধা অনুযায়ী অনলাইনে অতিরিক্ত ক্লাস নিয়েছেন।


ক্লাস টেস্টের নম্বরের বিষয়ে হুমায়ুন কবির বলেন, বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী ১০ শতাংশ নম্বর ক্লাস টেস্ট থেকে নেওয়ার কথা বলা আছে। তবে পরীক্ষা ১০, ২০, ৪০ কিংবা ১০০ নম্বরে নিতে হবে—এমন বাধ্যবাধকতা নেই। তিনি দুই অধ্যায়ের ওপর ৪০ নম্বরের একটি পরীক্ষা নিয়েছেন। শিক্ষার্থীরা সেখানে যে নম্বর পেয়েছে, তা ১০ শতাংশে রূপান্তর করে চূড়ান্ত নম্বরে যুক্ত করা হবে। খাতাগুলো যথাযথভাবে মূল্যায়ন করে ভুলের জায়গাগুলো লাল কালিতে চিহ্নিত করে শিক্ষার্থীদের দেখানো হয়েছে বলেও জানান তিনি।


তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আগের সেমিস্টারের কয়েকটি ল্যাব ও ভাইভার চাপ থাকায় নির্ধারিত সময়ে ক্লাস টেস্ট নেওয়া সম্ভব হয়নি। পরে তাঁদের সঙ্গে বাকি পরীক্ষাগুলো নেওয়ার কথা ছিল। শিক্ষার্থীদের জন্য নিজের পারিবারিক সময় ব্যয় করেও অতিরিক্ত ক্লাস নিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এরপরও তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় একজন শিক্ষক হিসেবে তিনি ব্যথিত।


এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক রতন কুমার পাল বলেন, শিক্ষার্থীরা একটি আবেদন জমা দিয়েছে। একটি পরীক্ষা খারাপ হওয়ায় শেষ বর্ষের অধিকাংশ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার আশঙ্কা করছে। তাদের দাবি, প্রশ্ন অনেক কঠিন হয়েছে। শেষ বর্ষে ইমপ্রুভমেন্টের সুযোগ না থাকায় তারা বিশেষ পরীক্ষা নেওয়ার আবেদন জানিয়েছে।


তিনি আরও বলেন, বর্তমান নীতিমালা অনুযায়ী বিষয়টি যাচাই করা হবে। একাডেমিক কমিটির সভায় বিষয়টি উত্থাপন করে বিশেষ পরীক্ষার কোনো বিধান রয়েছে কি না, তা পর্যালোচনা করা হবে। নীতিমালায় এ ধরনের সুযোগ না থাকলে শিক্ষার্থীদের বিষয়ে করণীয় নির্ধারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে।