মাদারীপুরে নিখোঁজের পাঁচ দিন পর ডোবা থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৮ পিএম
মাদারীপুরে নিখোঁজের পাঁচ দিন পর ডোবা থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার

ছবি: বিডি মেইল

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর প্রতিনিধি


মাদারীপুরে নিখোঁজের পাঁচ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে আশিক খান (২৪) নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


রোববার (১৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকায় ধানক্ষেতের পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আশিক ওই এলাকার প্রয়াত আজিজ খানের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে মাছ ধরার জন্য জাল নিয়ে বাড়ির পাশের খালে যান আশিক। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে সদর মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন।


রোববার ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।


এদিকে, আশিকের স্বজনদের অভিযোগ, প্রতিবেশী কবির মাতুব্বরের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করে মরদেহ ডোবায় ফেলে রাখা হয়েছে।


আশিকের বোন নিপা আক্তার বলেন, ‘জমি নিয়ে বিরোধের কারণেই আমার ভাইকে হত্যা করা হয়েছে। এই ঘটনার কঠিন বিচার চাই।’


মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনার রহস্য উদ্‌ঘাটনে থানা-পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ কাজ করছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।