কালীগঞ্জে শিকল বাঁধা অবস্থায় নদীতে পড়ে নিখোঁজ, এক দিন পর যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১০:১২ পিএম
কালীগঞ্জে শিকল বাঁধা অবস্থায় নদীতে পড়ে নিখোঁজ, এক দিন পর যুবকের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

মো. শাহনেওয়াজ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি


গাজীপুরের কালীগঞ্জে কোমর ও পায়ে লোহার শিকল বাঁধা অবস্থায় শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হওয়ার এক দিন পর ওসমান গনি (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।


রোববার (১৫ নভেম্বর) সকালে উদ্ধার অভিযান শুরু করে দীর্ঘ তল্লাশির পর বাহাদুরসাদী এলাকা সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।


নিহত ওসমান গনি উপজেলার বাহাদুরসাদী গ্রামের প্রয়াত মতিন মিয়ার ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে ওসমানের ওপর নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে তাঁর ফুফা মো. বাবুল হোসেনের বিরুদ্ধে। প্রায় ১৫ দিন আগে বাবুল হোসেন তাঁর কোমর ও পায়ে শিকল পরিয়ে দেন এবং তাঁকে মানসিক রোগী বলে প্রচার করতে থাকেন বলে অভিযোগ।


পরিবারের অভিযোগ অনুযায়ী, গত শনিবার (১৪ নভেম্বর) বিকেলে ফুফা বাবুল হোসেন ও তাঁর দোকানের কর্মচারী মাসুম লাঠি নিয়ে ওসমানকে ধাওয়া করেন। এ সময় আতঙ্কিত হয়ে শিকল পরা অবস্থায় পালানোর চেষ্টা করেন তিনি। একপর্যায়ে একটি নৌকায় ওঠেন। পরে মাসুম তাঁকে ধরতে গেলে ওসমান শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেন। কিছুক্ষণ পর তিনি পানিতে তলিয়ে যান। এ সময় তাঁকে উদ্ধারের চেষ্টা না করে মাসুম ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ রয়েছে।


পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস ও পুলিশকে। ওই দিন উদ্ধার অভিযান চালিয়েও তাঁকে পাওয়া যায়নি। পরদিন সকালে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুনরায় অভিযান শুরু করে মরদেহ উদ্ধার করে।


টঙ্গী ফায়ার সার্ভিসের টিম ইনচার্জ মামুন জানান, শনিবার এক যুবক নদীতে ঝাঁপ দিয়েছেন—এমন খবর পেয়ে তাঁরা উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর সন্ধ্যা নেমে আসায় অভিযান স্থগিত করা হয়। পরদিন পুনরায় অভিযান চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় যুবকের কোমর ও পায়ে শিকল বাঁধা ছিল।


অভিযোগের বিষয়ে নিহতের ফুফা মো. বাবুল হোসেন বলেন, ওসমান গনি তাঁর ছেলের মতো। দীর্ঘদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।


অন্যদিকে বাবুল হোসেনের দোকানের কর্মচারী মাসুম বলেন, ওসমানকে ধরে বাড়িতে নেওয়ার সময় তিনি পালানোর চেষ্টা করেন। এ সময় তিনি লাঠি নিয়ে তাঁকে ধাওয়া দেন। ওসমান তাঁর কাছ থেকে ছুটে গিয়ে নৌকায় ওঠেন। সেখানে তাঁকে ধরতে গেলে তিনি নদীতে ঝাঁপ দেন। তখন তাঁর কোমর ও পায়ে শিকল বাঁধা ছিল।


কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. ইকবাল হোসেন জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।