ধর্ষণ মামলা করায় ভুক্তভোগী শিশুর পরিবারকে হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় স্বজনরা
ছবি: সংগৃহীত
ফারদিন নিয়াজ, উজিরপুর প্রতিনিধি
বরিশালের উজিরপুরে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর ভুক্তভোগী শিশুর পরিবারকে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মামলা তুলে নিতে চাপ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।
মামলার এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার হারতা ইউনিয়নের জামবাড়ি এলাকায় স্থানীয় একটি দোকানে চিড়া কিনতে যায় ওই স্কুলছাত্রী। এ সময় দোকানদার বসন্ত গাইনের ছেলে বীরেন গাইন (২৭) শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে শাটার বন্ধ করে দেন। পরে দোকানের ওপরের একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
বাড়িতে ফিরে শিশুটি কান্নাকাটি করলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। পরে শিশুটির মা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করেন। মামলাটির নম্বর ২৩/২০২৬। এ ঘটনায় অভিযুক্ত বীরেন গাইন বর্তমানে কারাগারে রয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মামলা দায়েরের পর অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে অর্থের প্রলোভন দেখিয়ে মামলা তুলে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় অভিযুক্তের স্বজন ও স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাঁদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন। মামলা প্রত্যাহার না করলে হত্যা কিংবা মিথ্যা অভিযোগে এলাকাছাড়া করার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের।
পরিবারটি জানায়, তারা অত্যন্ত দরিদ্র ও অসহায়। আর্থিক সংকটের কারণে আইনি লড়াই চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। তবে মেয়ের প্রতি ঘটে যাওয়া অন্যায়ের বিচার পাওয়ার আশায় মামলা চালিয়ে যেতে চান তাঁরা। একই সঙ্গে নিজেদের নিরাপত্তা নিয়েও উদ্বেগে রয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত বীরেন গাইনের বাবা বসন্ত গাইনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি সংবাদকর্মীদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত, মামলার আইনানুগ বিচার এবং ভুক্তভোগী শিশুর পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।








