‘এমপিগিরি দেখাব’—জামায়াতের এমপিকে বিলকিসের হুঁশিয়ারি

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ১২:২১ এএম
‘এমপিগিরি দেখাব’—জামায়াতের এমপিকে বিলকিসের হুঁশিয়ারি

সূত্রঃ সংগৃহীত

নীলফামারী প্রতিনিধি


নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ ভবনের পরিদর্শনকক্ষ উদ্বোধনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম ও বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলামের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নবনির্মিত উপজেলা পরিষদ ভবনের পরিদর্শনকক্ষের উদ্বোধনী নামফলকে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমের নাম থাকায় ক্ষুব্ধ হন বিলকিস ইসলাম। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে পরিদর্শনকক্ষে বসেই প্রায় এক ঘণ্টা ধরে তাঁদের মধ্যে তর্ক-বিতর্ক চলে।

বিলকিস ইসলাম প্রশ্ন তোলেন, তাঁকে কেন অনুষ্ঠানের প্রধান অতিথি করা হয়নি এবং নামফলকে কেন শুধু একজন সংসদ সদস্যের নাম রাখা হয়েছে। তিনি জানতে চান, পরিদর্শনকক্ষটি কি শুধু আব্দুল মুনতাকিমের জন্য?

জবাবে আব্দুল মুনতাকিম বলেন, পরিদর্শনকক্ষটি জাতীয় সংসদের সব সদস্যের জন্য উন্মুক্ত। তবে এলাকাটি তাঁর নির্বাচনী এলাকার হওয়ায় নামফলকে তাঁর নাম রাখা হয়েছে।

তিনি আরও বলেন, সংরক্ষিত নারী সংসদ সদস্যদের নির্দিষ্ট নির্বাচনী এলাকা নেই। তাই তাঁদের জন্য নির্দিষ্ট কোনো পরিদর্শনকক্ষও নেই। অধিকার দাবি করতে হলে সংশ্লিষ্ট পরিপত্র ও নীতিমালা অনুসরণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এতে ক্ষুব্ধ হয়ে বিলকিস ইসলাম বলেন, তাঁর দল সহজ-সরল হলেও তিনি নন। কোনো ক্ষেত্রেই তিনি ছাড় দেবেন না। বিষয়টি সংসদে তুলবেন এবং নিজের ‘এমপিগিরি দেখাবেন’ বলেও হুঁশিয়ারি দেন তিনি। সৈয়দপুর ও কিশোরগঞ্জের পরিদর্শনকক্ষে তাঁকে জায়গা দিতে হবে বলেও দাবি করেন বিলকিস।

ঘটনাস্থলে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহা ফাতেহা তাকমিলা, সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেনসহ স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন বলেন, উপজেলা পরিষদের পরিদর্শনকক্ষের উদ্বোধনী নামফলকে দুই সংসদ সদস্যের নামই থাকা উচিত ছিল। উপজেলা প্রশাসন আয়োজন করলে পরিপত্র অনুযায়ী নামফলক তৈরি করার কথা।

তবে সৈয়দপুরের ইউএনও ফারহা ফাতেহা তাকমিলা বলেন, উদ্বোধনী অনুষ্ঠানটি উপজেলা প্রশাসন আয়োজন করেনি। দুই সংসদ সদস্যের জন্য ওই কক্ষটি উদ্বোধনের ব্যবস্থা তাঁরাই করেছিলেন।



এমকে/বিএম২৪