বাঁশখালীতে বন্যাদুর্গত ১৫ পরিবারকে টিন ও নগদ অর্থ দিল যুব মজলিস
মোহাম্মদ ইব্রাহিম, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে যুব মজলিস চট্টগ্রাম মহানগর শাখা। পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার (১৭ জুলাই) উপজেলার সরল ও জলদি ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়া ১৫টি পরিবারের মাঝে গৃহনির্মাণের জন্য টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
যুব মজলিস চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান।
এ সময় তিনি বলেন, "ভয়াবহ বন্যায় বহু মানুষ গৃহহীন ও নিঃস্ব হয়ে পড়েছেন। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। তাই সরকারকে দ্রুত জরুরি ভিত্তিতে পুনর্বাসন কার্যক্রম শুরু করতে হবে।" তিনি দেশ-বিদেশের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক-মানবিক সংগঠনকে বন্যাদুর্গত মানুষের ঘরবাড়ি পুনর্নির্মাণে এগিয়ে আসারও আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মাওলানা জাকির হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমান এবং ছাত্র মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক আব্দুল আহাদ।
ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের সার্বিক সমন্বয় করেন যুব মজলিস চট্টগ্রাম মহানগর শাখার সহসভাপতি হাফেজ সাখাওয়াত হোসাইন, অফিস সম্পাদক আসলাম হোসাইন এবং সমাজকল্যাণ সম্পাদক আশরাফ উদ্দিন।
প্রয়োজনীয় টিন ও নগদ অর্থ পেয়ে উপকারভোগী পরিবারগুলো সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই সহায়তা তাদের পুনরায় ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








