চন্দনাইশে মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রীসহ এমপিরা
এম হেলাল উদ্দিন নিরব, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ধসে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ কয়েকজন শীর্ষ নেতা নিচে পড়ে যান। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। পরে মন্ত্রী অনুষ্ঠানস্থল ত্যাগ করার পর ত্রাণ নিতে গিয়ে উপকারভোগীদের মধ্যে হুড়োহুড়িতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে দোহাজারী পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচিতে যোগ দিতে অর্থমন্ত্রী মঞ্চে ওঠার পর অতিরিক্তসংখ্যক নেতা-কর্মী ও অতিথি একসঙ্গে মঞ্চে উঠে পড়েন। এতে অতিরিক্ত চাপের কারণে মঞ্চটি হঠাৎ ধসে পড়ে।
এ সময় অর্থমন্ত্রীর পাশাপাশি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ, পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক, বোয়ালখালী আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহসহ উপস্থিত নেতারা নিচে পড়ে যান। তবে সবাই দ্রুত উঠে দাঁড়ান এবং কারও গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ঘটনার পর অর্থমন্ত্রী পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে সাতকানিয়ার উদ্দেশ্যে রওনা দেন।
মন্ত্রী চলে যাওয়ার পর স্থানীয় নেতারা ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করলে উপকারভোগীদের মধ্যে হুড়োহুড়ির সৃষ্টি হয়। এ সময় ঠেলাঠেলিতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, “মন্ত্রী ত্রাণ বিতরণের জন্য মঞ্চে ওঠার পর অতিরিক্ত লোকজনের চাপে মঞ্চটি ভেঙে পড়ে। এতে মঞ্চে থাকা সবাই নিচে পড়ে গেলেও কেউ আহত হননি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ত্রাণ বিতরণ কার্যক্রম পুনরায় শুরু করা হয়।
ত্রাণ নিতে গিয়ে আহত হওয়ার বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, “মন্ত্রী চলে যাওয়ার পর হুড়োহুড়িতে আহত হওয়ার বিষয়টি আমার জানা নেই। তখন আমি ঘটনাস্থল থেকে চলে এসেছিলাম।









