শার্শায় বাক ও শারীরিক প্রতিবন্ধী দম্পতির ৮ বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা: অভিযুক্ত গ্রেফতার
শার্শা (যশোর) প্রতিনিধি:
যশোরের শার্শায় বাক ও শারীরিক প্রতিবন্ধী দম্পতির ৮ বছর বয়সী শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুরুল হক নুরু (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত নুরুল হক নুরু শার্শা উপজেলার কৃষ্ণপুর (দক্ষিণপাড়া) গ্রামের মৃত শামসুল হকের ছেলে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাবা ও মা উভয়েই বাক ও শারীরিক প্রতিবন্ধী। গত ১৬ জুলাই সন্ধ্যা অনুমান ৭টা ৫ মিনিটের দিকে নিজ বাড়িতে শিশুটি একা থাকাকালীন সময়ে প্রতিবেশী নুরুল হক নুরু তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে শিশুটি ঘটনাটি তার পরিবারকে জানালে তিনি ১৭ জুলাই শার্শা থানায় উপস্থিত হয়ে একটি লিখিত এজাহার দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে শার্শা থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা রুজু করা হয়। এরপর যশোর জেলার পুলিশ সুপারের নির্দেশে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানে নামে। সারারাত অভিযানের পর ১৭ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজারের পূর্ব পাশ থেকে আসামী নুরুল হক নুরুকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।









