হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুললেন আইনমন্ত্রী

প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ০৪:৫৮ পিএম
হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুললেন আইনমন্ত্রী

সূত্রঃ ফাইল ছবি

জেলা প্রতিনিধি


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, তিনি বিশ্বাস করেন শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরেই দেশে ফিরে আইনের মুখোমুখি হবেন। তার মতে, সবকিছুই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এগোবে এবং আইনের ঊর্ধ্বে কেউ নন।


শুক্রবার (৭ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ মিলনায়তনে শিল্পী মুস্তফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


আইনমন্ত্রী বলেন, “আমিও বিশ্বাস করতে চাই তিনি ডিসেম্বরেই আসবেন এবং আইনের মুখোমুখি হবেন। আমরা বিশ্বাস করি, মানুষের ক্ষমতা যত বড়ই হোক, আইনের ক্ষমতা তার চেয়েও বড়। আইন তার নিজস্ব গতিতেই তার ক্ষমতা প্রয়োগ করবে।”


বিচার বিভাগের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, এ খাতে এখনো নানা ধরনের সমস্যা রয়েছে। কারও মতে দুর্নীতি, কারও মতে দালাল ও প্রতারকদের দৌরাত্ম্য, আবার কেউ কাঠামোগত দুর্বলতাকে বড় সমস্যা হিসেবে দেখেন। তবে তার দৃষ্টিতে সবচেয়ে বড় সংকট হলো মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব।


তিনি আরও বলেন, বিচারকের দায়িত্ব শুধু একটি পেশা নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি মহান দায়িত্ব। বিচারকরা যদি এই চেতনা নিয়ে দায়িত্ব পালন করেন, তাহলে দেশেই প্রকৃত স্বাধীন ও নিরপেক্ষ বিচারব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


এমকে/বিএম২৪